বিমানবন্দরে গাড়িতে মিলল কোটি টাকার স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা।
আজ সোমবার ( ১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশির উদ্যোগ নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় গাড়িচালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে থাকা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
শুধু স্বর্ণই নয়, গাড়িটি আরও তল্লাশি করে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ছিল নতুন আইফোন-১৭ প্রো এবং দুটি ব্যবহৃত ফোন। এছাড়া উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্র।
পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কাস্টমস হলে উদ্ধার করা সব পণ্যের ইনভেন্টরি সম্পন্ন করেন। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ডেল্টা টাইমস/ আরএফ