প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম (ভিজিট : ০)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম
জনগণ, গণমাধ্যম ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে আগামী দুই বছরে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
বুধবার ( ১২ আগস্ট ) ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জলাবদ্ধতা প্রসঙ্গে প্রশাসক বলেন, ‘ ঢাকার অনেক এলাকায় পানি নিষ্কাশনের পুরোনো পথ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা কমাতে পাম্প কেনা হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যে পানি সরানোর চেষ্টা চলছে। ’
তিনি বলেন, ড্রেনে পলিথিন ও বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণেও নাগরিকদের সচেতন হতে হবে।
ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন, রাস্তার ওপর হকার বসতে দেওয়া হবে না। নির্দিষ্ট এলাকায় হলিডে মার্কেট ও নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। ব্যাটারিচালিত রিকশার চলাচলও অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকার উন্নয়নে সিটি করপোরেশনের পাশাপাশি ওয়াসা, রাজউক, বিদ্যুৎ সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বয় প্রয়োজন বলেও জানান তিনি।
প্রশাসক বলেন, ‘ জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।’
ডেল্টা টাইমস/ আরএফ