প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। অনলাইনে আবেদনের ভিত্তিতেই এবার একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একাদশের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তি ১৫ সেপ্টেম্বর শেষ করা হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস শুরু হবে। এখনো ক্লাস শুরুর নোটিশ দেওয়া হয়নি। শিগগির ক্লাস শুরুর নোটিশও আমরা দিয়ে দেব।’
এর আগে সোমবার সকালে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফলে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।
ফলাফলে এবারও ছাত্রীদের সাফল্য স্পষ্টভাবে বেশি। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের তুলনায় প্রায় ৯ শতাংশ এগিয়ে রয়েছে ছাত্রীরা। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েদের আধিপত্য দেখা গেছে।
এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিসহ ফলাফলের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকেই ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা।
অন্যদিকে, এবারের ফলাফলে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফল বিশ্লেষণে দেখা গেছে, ফেল করা শিক্ষার্থীদের বড় একটি অংশ গণিত ও ইংরেজি বিষয়ে দুর্বল করেছে। বিশেষ করে মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে হতাশাজনক। এ বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৫১ জনই এবার ফেল করেছে।
১১টি শিক্ষা বোর্ডের ফলাফলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে সবচেয়ে কম পাসের হার রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ডে। তবে মাদরাসা শিক্ষা বোর্ড বাদ দিয়ে শুধু সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের ফল বিবেচনা করলে সবচেয়ে নিচে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। এখন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ একাদশ শ্রেণিতে ভর্তি। অনলাইনে আবেদনের মাধ্যমে পছন্দের কলেজ নির্বাচন করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি শেষ করার পরপরই একাদশ শ্রেণির ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।
ডেল্টা টাইমস/ আরএফ