গ্রেপ্তার-রিমান্ড পেরিয়ে গুজবের শিকার ছাত্রদলের সুমন সর্দার
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ০)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সংঘবদ্ধভাবে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন জবি শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই ভিত্তিহীন অভিযোগ ও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা।
আহ্বায়ক কমিটির সদস্যদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন সুমন সর্দার। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ও দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তিনি একাধিকবার গ্রেপ্তার ও রিমান্ডের মুখোমুখি হন। এ সময় তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও দায়ের করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
বর্তমানে জবি ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে আলোচনায় থাকা শীর্ষ নেতাদের একজন সুমন সর্দার। এ অবস্থায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অভিযোগ ও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য।
তারা বলেন,‘ জবি ছাত্রদল কোনো ধরনের অন্যায়, বিশৃঙ্খলা বা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সাংগঠনিকভাবে যাচাই-বাছাই করা উচিত। কিন্তু কোনো ধরনের প্রমাণ ছাড়াই ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানো সংগঠনের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। ’
আহ্বায়ক কমিটির সদস্যদের অভিযোগ, নতুন কমিটিতে নেতৃত্বের দৌড়ে সুমন সর্দার আলোচনায় থাকায় একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ও ত্যাগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
ডেল্টা টাইমস/ আরএফ