রাজশাহী ক্যাডেট কলেজের সাফল্যের ধারাবাহিকতা এবারও অটুট। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কলেজটি থেকে অংশ নেওয়া ৪৯ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে। ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন। ফল ঘোষণার পর রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের দীর্ঘদিনের সুনাম রয়েছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মৌলিক সামরিক প্রশিক্ষণ, খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বলেন, ‘ এবার কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করি। ’
এদিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। গত বছর ২০২৫ সালে এ হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। সার্বিকভাবে বোর্ডের ফলাফলে বড় ধরনের পতনের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য।
ডেল্টা টাইমস/ আরএফ