জামায়াত নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৫৮ এএম (ভিজিট : ৯)

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নওগাঁর বদলগাছী উপজেলায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী তার পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে বেলা পর্যন্ত চলা এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বদলগাছী উপজেলার লালুহা গ্রামের আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসার পরিচালক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে পরিচালক তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিক্ষার্থী কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
পরিবারের সদস্যরা অভিযুক্তকে খুঁজে না পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানালে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারপুর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় ও ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসায় আগুন দেয়। পরে তারা ভান্ডারপুর বাজারের চার রাস্তার মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইউএনও অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যায়।
অভিযুক্ত শফিউল হাসান দিপুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যেতে অনুরোধ করে। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেল্টা টাইমস/সিআর/এমই