পুলিশের ধারণা হত্যাকাণ্ড
বাগেরহটে বসতঘর থেকে দাদি-নানি-নাতির মরদেহ উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:০২ পিএম (ভিজিট : ৩)

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের ওই বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তার ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৯০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে গিয়ে তারা আরও দুজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।’