অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই ব্যবস্থা নেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এসময় সেবা নিতে আসা গ্রাহকরা জমির খাজনা আদায় ও খারিজের আবেদন বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তোলেন। পরে অভিযোগগুলোর প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়াদের মধ্যে রয়েছেন—ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম।
কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ভূমি অফিসসহ অন্যান্য ভূমি অফিস পরিদর্শনের উদ্দেশে রওনা হন।
গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমি প্রাথমিকভাবে কাশিমপুর ভূমি অফিসটি পরিদর্শন করেছি, এখন আরও একটি অফিসে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।"