
দিনাজপুরের হাকিমপুরে হিলি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের কৃতিত্ব অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (০২ আগস্ট) সকাল ১১টায় হাকিমপুর শিশু নিকেতন স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিক্রম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি