
ফাইল ছবি
জ্যেষ্ঠ সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্তমান কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২২ জুলাই) সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী সদরে, তবে তিন যুগেরও বেশি সময় ধরে তিনি ঢাকায় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং রাজধানীর আরশিনগরে বসবাস করতেন।
দীর্ঘ সাংবাদিক জীবনে আবু হেনা রাসেল দৈনিক ভোরের কাগজ, সমকাল ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ‘খবর সংযোগ’ পত্রিকায় কর্মরত ছিলেন। অপরাধ সাংবাদিকতায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি ডিআরইউ ও ক্র্যাবের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন এবং মৃত্যুকাল পর্যন্ত ক্র্যাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।