পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম (ভিজিট : ০)

পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। টানা গত ছয় দিন ধরে ১৫ ডিগ্রির নিচেই অবস্থান করছে সর্বনিম্ন তাপমাত্রা।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ নভেম্বর সর্বনিম্ন ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচেই উঠানামা করছে।
প্রতিদিন বিকেলের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হয়। সকাল পর্যন্ত থাকে ঘন কুয়াশা। এতে দুর্ভোগে পড়েন সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ। তবে সকালেই চারদিক ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে। এতে স্বস্তি দেখা দেয় জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। কয়েকদিন ধরে রাতের ও দিনের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়ছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রাও কমে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ডেল্টা টাইমস/সিআর/এমই