হাকিমপুরে শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম (ভিজিট : ০)

প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৮ম পর্যায়) প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণ পরিচালনা করে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল। কোর্সটির আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ স্কাউটস, হাকিমপুর উপজেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জজ মিত্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্কাউটিং কার্যক্রম সম্পর্কে ধারণা, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে।
ডেল্টা টাইমস/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/এমই