গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ রাখা হয়েছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি দুপুর ১টায় শুরু হয়।
সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর বিকেল আনুমানিক ৪টায় পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা সর্বমোট ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুদ করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনের আওতায় আনার নিমিত্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছে থানচি ব্যাটালিয়নের (৬৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন।