কপ৩১-এর খসড়ায় জ্বালানি রূপান্তর ও অর্থায়নে বড় প্রস্তাব, অভিযোজন তহবিল বাড়বে তিন গুণ

মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে :

আবহাওয়া ও পরিবেশ

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, অভিযোজন অর্থায়ন তিন গুণ করা এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

2026-11-16T19:18:06+06:00
2026-11-16T19:18:06+06:00
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কপ৩১-এর খসড়ায় জ্বালানি রূপান্তর ও অর্থায়নে বড় প্রস্তাব, অভিযোজন তহবিল বাড়বে তিন গুণ
মো. শফিকুল ইসলাম, আন্তালিয়া (তুরস্ক) থেকে :
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৬)

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, অভিযোজন অর্থায়ন তিন গুণ করা এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় নতুন উদ্যোগের প্রস্তাব এসেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম খসড়ায়। ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধে পদক্ষেপ ত্বরান্বিত করা এবং বিদ্যুতের ব্যবহার বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে ১৪৪ অনুচ্ছেদের এই খসড়ায়।

তুরস্কের আন্তালিয়ায় সোমবার সম্মেলনের প্রেসিডেন্সি খসড়াটি প্রকাশ করে। এতে বিজ্ঞান, জ্বালানি, অর্থায়ন, অভিযোজন ও বাণিজ্যসহ জলবায়ু আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে খসড়াটি এখনো আলোচনার পর্যায়ে। নথিতে এটিকে ‘অসম্পাদিত সংস্করণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কয়েকটি অনুচ্ছেদে বিকল্প প্রস্তাব বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। কার্বন ব্রিফের প্রতিবেদন অনুযায়ী, খসড়ার প্রতিটি বিষয়ই আলোচনার জন্য উন্মুক্ত। ফলে চূড়ান্ত সিদ্ধান্তে কোন প্রস্তাবগুলো স্থান পাবে, তা এখনো নিশ্চিত নয়।

কভার ডিসিশন সম্মেলনের আনুষ্ঠানিক এজেন্ডার অংশ নয়। কার্বন ব্রিফ জানিয়েছে, রাশিয়া প্রকাশ্যে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইতালির সংবাদ সংস্থা আনসার খবর, সম্মেলনের প্রথম সপ্তাহ শেষ হয়েছে এ বিষয়ে তিনটি পরস্পরবিরোধী অবস্থান নিয়ে। গত শুক্রবার প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে পরামর্শের সারসংক্ষেপ প্রকাশ করে প্রেসিডেন্সি। এরপর বিভিন্ন পক্ষের কাছে লিখিত মতামত চাওয়া হয়।

খসড়ায় বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার (ওভারশুট) বৈজ্ঞানিক তথ্য নিয়ে পক্ষগুলো গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে এই শতাব্দীর মধ্যে যত দ্রুত সম্ভব বৈশ্বিক উষ্ণতা আবার ১ দশমিক ৫ ডিগ্রির নিচে নামিয়ে আনার সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো (এনডিসি) পুরোপুরি বাস্তবায়িত হলে তাপমাত্রা বৃদ্ধি প্রায় ২ দশমিক ৬ ডিগ্রিতে দাঁড়াবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। প্যারিস চুক্তির আগে বিভিন্ন পূর্বাভাসে এই বৃদ্ধি ৪ ডিগ্রির বেশি হওয়ার আশঙ্কা ছিল। গত ৯ নভেম্বর পর্যন্ত ১৬৩টি পক্ষ নতুন এনডিসি জমা দিয়েছে।

১ দশমিক ৫ ডিগ্রি-সংক্রান্ত বৈজ্ঞানিক তথ্য ও বোঝাপড়া জোরদার করতে নতুন একটি কর্মসূচির প্রস্তাবও রাখা হয়েছে। এর আওতায় প্রতিবছর সংলাপ আয়োজন এবং সংশ্লেষণ প্রতিবেদন তৈরির কথা বলা হয়েছে।

জ্বালানি খাতে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার বৈশ্বিক প্রচেষ্টায় নিজ নিজ উপায়ে অবদান রাখতে পক্ষগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এটি কপ৩১ প্রেসিডেন্সির ‘৩৫-বাই-৩৫’ উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে খসড়ায় স্পষ্ট করা হয়েছে, এই বৈশ্বিক প্রচেষ্টা কোনো দেশের জন্য নির্দিষ্ট লক্ষ্য বা বাধ্যবাধকতা তৈরি করবে না।

জীবাশ্ম জ্বালানি নিয়ে প্রথম বৈশ্বিক পর্যালোচনার সিদ্ধান্তও পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এক আইনি বিশ্লেষণ অনুযায়ী, কপ৩০-এর চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ ছিল না। ফলে কপ৩১-এর চূড়ান্ত নথিতে এ-সংক্রান্ত ভাষা বহাল থাকে কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বাণিজ্য নিয়েও খসড়ায় কঠোর অবস্থান তুলে ধরা হয়েছে। একতরফা জলবায়ু-সম্পর্কিত বাণিজ্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, এসব ব্যবস্থার ফলে নিঃসরণ কমানোর অর্থনৈতিক বোঝা অন্য পক্ষগুলোর, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। উন্নত দেশগুলোকে ২০২৭ সালের শেষ নাগাদ এ ধরনের ব্যবস্থা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে তিন গুণ করার প্রস্তাব রয়েছে খসড়ায়। এ অর্থের পরিমাণ অন্তত ১২০ বিলিয়ন (১২ হাজার কোটি) ডলারে উন্নীত করার কথা বলা হয়েছে। এ লক্ষ্যে অর্থায়ন বাড়ানোর একটি রোডম্যাপ দিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) অভিযোজন ব্যবধান প্রতিবেদন ২০২৬-এর বরাত দিয়ে খসড়ায় বলা হয়েছে, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০৫ বিলিয়ন (৩০ হাজার ৫০০ কোটি) ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল ২৮ থেকে ৩২ বিলিয়ন ডলার। অর্থাৎ অভিযোজন অর্থায়ন তিন গুণ করা হলেও তা মোট চাহিদার ২৯ শতাংশের বেশি পূরণ করতে পারবে না।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলের অবস্থাও তুলে ধরা হয়েছে খসড়ায়। এতে বলা হয়েছে, ‘বার্বাডোস ইমপ্লিমেন্টেশন মোডালিটিজ’-এর আওতায় প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন (২৮০ কোটি) ডলারের সহায়তার অনুরোধ এসেছে। বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩৪২ মিলিয়ন (৩৪ কোটি ২০ লাখ) ডলার। ৮২২ মিলিয়ন ডলারের প্রতিশ্রুত অর্থের মাত্র অর্ধেক তহবিলে জমা পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়ের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। খসড়ায় বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার জন্য ৫০ শতাংশ সম্ভাবনায় নির্ধারিত কার্বন বাজেটের প্রায় চার-পঞ্চমাংশ উন্নত দেশগুলোর ঐতিহাসিক নিঃসরণে ব্যবহৃত হয়েছে। এ অবস্থায় উন্নত দেশগুলোর নেতৃত্ব দেওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নেট জিরো এবং ২০৪০ সালের মধ্যে নেট-নেগেটিভ নিঃসরণ অর্জনের আহ্বান জানানো হয়েছে।

অভিযোজন ও ক্ষতি-ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থের নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করতে ‘আন্তালিয়া-টু-আদ্দিস আবাবা রোডম্যাপ’ চালুর প্রস্তাবও রয়েছে। কপ৩১ ও কপ৩২-এর প্রেসিডেন্সি যৌথভাবে এ উদ্যোগের নেতৃত্ব দেবে। ২০২৭ সালে কপ৩২ সম্মেলনে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের শেষ সপ্তাহে অর্থায়ন ও জ্বালানি রূপান্তর নিয়ে দেশগুলোর মতপার্থক্য নিরসনে মন্ত্রীরা আলোচনা করবেন বলে জানিয়েছে হুরিয়েত ডেইলি নিউজ। খসড়ার কয়েকটি অনুচ্ছেদে এখনো একাধিক বিকল্প রাখা হয়েছে। যেমন ‘বেলেম মিশন টু ১ দশমিক ৫’-এর সুপারিশ বাস্তবায়নে পরিকল্পনা তৈরি করা হবে, নাকি মিশনটির কার্যক্রম আরও দুই বছর চালানো হবে—তা এখনো চূড়ান্ত হয়নি।

সব মিলিয়ে কপ৩১-এর এই খসড়ায় জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে। তবে এসব প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করছে শেষ সপ্তাহের দর-কষাকষি ও দেশগুলোর ঐকমত্যের ওপর। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি বন্ধের ভাষা, উন্নত দেশগুলোর অর্থায়নের প্রতিশ্রুতি এবং বাণিজ্যসংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তে কতটা জায়গা পায়, সেদিকেই এখন নজর থাকবে।

ডেল্টা টাইমস/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ