জলবায়ু সংকট মোকাবিলায় দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সবুজ শিল্পায়ন ও জলবায়ু প্রযুক্তির ব্যবহার এগিয়ে নিতে নতুন কর্মপরিকল্পনা চালু করেছে কপ৩১ প্রেসিডেন্সি। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহের শুরুতে আজ সোমবার এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাকে একসঙ্গে নিয়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকেরা বলছেন, প্রযুক্তিকে শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ের বাস্তবায়নে রূপ দেওয়াই এর মূল লক্ষ্য।
এআইয়ের জন্য ‘আন্তালিয়া অঙ্গীকার’
উচ্চপর্যায়ের গ্রিন ডিজিটাল অ্যাকশন গোলটেবিল বৈঠকে ‘আন্তালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’ চালু করেছে কপ৩১ প্রেসিডেন্সি। এটি দেশ, কোম্পানি ও সংস্থার জন্য একটি স্বেচ্ছামূলক কাঠামো। এর আওতায় তারা জলবায়ু সমাধানে এআই কীভাবে কাজে লাগাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে পারবে।
অঙ্গীকারে চারটি ক্ষেত্রে কর্মপন্থা ঠিক করা হয়েছে:
* টেকসইভাবে এআই পরিকাঠামো ও হার্ডওয়্যারে শক্তি সরবরাহ এবং তা নির্মাণ
* এআইয়ের পুরো জীবনচক্রে দায়িত্বশীলভাবে নকশা, ব্যবস্থাপনা ও সংগ্রহ
* এআই ব্যবস্থার পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও প্রতিবেদন তৈরিতে সহায়তা
* জলবায়ু কার্যক্রমে এআইয়ের আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত পরিকাঠামো জোরদার করা, বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রে
স্বাক্ষরকারীরা চাইলে স্বল্প-নিঃসরণ শক্তি, গ্রিন ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা, সম্পদসাশ্রয়ী এআই নকশা, চক্রাকার অর্থনীতি ও ই-বর্জ্য, দক্ষতা উন্নয়ন এবং কম্পিউটিং সক্ষমতার মতো বিষয়েও আলাদা প্রতিশ্রুতি চিহ্নিত করতে পারবেন। উদ্বোধনের সময়ই সরকার, শিক্ষাঙ্গন, সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রাথমিক সমর্থকেরা এতে স্বাক্ষর করেছেন।
আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, এআই একদিকে বিদ্যুৎ ব্যবস্থা ও অন্যান্য সম্পদের ওপর চাপ বাড়াচ্ছে; অন্যদিকে ডেটা সেন্টারগুলো জ্বালানি ব্যবস্থা পরিচালনায় বাস্তব ভূমিকাও রাখতে পারে। গ্রিডের কার্যকারিতা বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়, শিল্পে কার্বন নিঃসরণ কমানো ও জলবায়ু-ঝুঁকির মডেলিংয়ে এআই জলবায়ু কার্যক্রমকে ত্বরান্বিত করছে। এই অঙ্গীকার সমীকরণের দুই দিককেই সামলাতে চায়। পাশাপাশি এআই-সক্ষম ক্লিনটেক উদ্যোগ উদ্ভাবনকে প্রয়োগের সঙ্গে যুক্ত করবে, যাতে সম্ভাবনাময় সমাধান পরীক্ষামূলক পর্যায় থেকে বড় পরিসরে নেওয়া যায়।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগদান-মার্টিন বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় এআই একটি শক্তিশালী হাতিয়ার, কিন্তু এটি অবশ্যই দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হবে। আন্তালিয়া এআই অঙ্গীকার টেকসই, জবাবদিহিমূলক এআই উদ্ভাবনের দিকে আন্তর্জাতিক পদক্ষেপকে উৎসাহিত করে, যা সবার, বিশেষ করে জলবায়ুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপকারে আসবে।”
সবুজ শিল্পায়নে জোর
বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী শিল্পখাত। এ প্রেক্ষাপটে ‘আন্তালিয়া সবুজ শিল্পায়ন চুক্তি’তে প্রায়-শূন্য ও স্বল্প-নিঃসরণ শিল্প উৎপাদনের জন্য বিনিয়োগ, বাস্তবায়ন ও বাস্তব ফলাফলের ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বীকার করা হয়েছে, বিভিন্ন দেশ ও শিল্পের সূচনা বিন্দু, প্রেক্ষাপট ও অগ্রাধিকার এক নয়।
গত ১২ নভেম্বর এ ক্ষেত্রে দুটি উদ্যোগ সামনে আনা হয়। প্রথমটি স্বল্পোন্নত দেশগুলোর সবুজ শিল্পায়ন সুবিধা (এলডিসি-জিআইএফ)। দেশ-শনাক্ত অগ্রাধিকারকে কেন্দ্র করে প্রকল্প উন্নয়ন ও পরিপক্বতা, প্রযুক্তি সমন্বয় ও হস্তান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা সহায়তা এবং বিদ্যমান অর্থায়নের উৎসের সঙ্গে সংযোগ স্থাপনকে এটি একত্র করে। তুরস্কে অবস্থিত স্বল্পোন্নত দেশগুলোর জন্য জাতিসংঘের প্রযুক্তি ব্যাংকের সচিবালয়ের অধীনে এটি পরিচালিত হয়।
দ্বিতীয়টি শিল্প রূপান্তরের জন্য দেশীয় প্ল্যাটফর্মের ওপর একটি নির্দেশিকা। কপ৩১ প্রেসিডেন্সি, ওইসিডি ও ৫০টি দেশের আন্তঃসরকারি ফোরাম ক্লাইমেট ক্লাব এটি জারি করেছে। সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, প্রকল্প সম্ভাবনা তৈরি, অর্থ সংগ্রহ ও পর্যবেক্ষণের মতো বিষয় এতে আছে। সঙ্গে আছে প্রকল্প নির্বাচনের নির্দেশিকাও। শিল্পক্ষেত্রের উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তব বিনিয়োগ ও বাস্তবায়ন ফলাফলে রূপ দিতে এটি সহায়ক হতে পারে বলে জানানো হয়েছে।
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক গার্ড মুলার বলেন, “কোনো দেশকেই উন্নয়ন এবং জলবায়ু কার্যক্রমের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য হওয়া উচিত নয়। প্রতিটি অঞ্চলে ভবিষ্যতের পরিবেশবান্ধব প্রযুক্তি শিল্প, দক্ষতা ও মানসম্মত কর্মসংস্থান তৈরির পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর জন্য সবুজ শিল্পায়নই মূল চাবিকাঠি।”
আয়োজকদের মতে, সবুজ শিল্পায়নে কপ৩১-এর এই গুরুত্বারোপ উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতিতে আন্তর্জাতিক সমর্থন, বিনিয়োগ ও প্রযুক্তি আনার একটি গুরুত্বপূর্ণ সংকেত।
শহর ও জলবায়ু প্রযুক্তি
কপ৩১ প্রেসিডেন্সি আইটিইউ, ইউএন-হ্যাবিট্যাট ও জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) সহযোগিতায় শহুরে জলবায়ু কার্যক্রমে এআই, ডিজিটাল টুইন ও ইন্টারনেট অব থিংসের (আইওটি) ভূমিকা নিয়ে একটি কর্ম-আহ্বানও চালু করবে। স্মার্ট ও স্থিতিস্থাপক শহর গড়তে এসব প্রযুক্তির প্রসারে সরকার, শহর, কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাকে সমর্থন জানানোর আমন্ত্রণ জানানো হয়েছে।
‘প্রযুক্তি হতে হবে সমাধানের অংশ’
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, “জলবায়ু সমাধানের অংশ হিসেবে শিল্প ও প্রযুক্তিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি দেশের সূচনা বিন্দু ও কৌশলগত পছন্দের সঙ্গে খাপ খাইয়ে আমাদের শিল্পকে বিদ্যুতায়িত করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ যেন দায়িত্বশীলভাবে চালিত ও ব্যবহৃত হয় এবং জলবায়ু কার্যক্রমের স্বার্থে কাজে লাগে।”
তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশবান্ধব প্রযুক্তি উৎপাদন ও কৃষির মতো সম্পদ-নিবিড় খাতসহ সব ক্ষেত্রে ব্যবসার বৃদ্ধিকে উপকরণ ও শক্তির ব্যবহারে আনুপাতিক বৃদ্ধি ছাড়াই অব্যাহত রাখতে সাহায্য করে, যা মানুষ ও পৃথিবী উভয়ের জন্যই উপকারী।”
বিজ্ঞানের ওপর গুরুত্ব
কপ৩১-এর আলোচনা সভাপতি ক্রিস বোয়েন পক্ষগুলোকে বিজ্ঞানকে সামনে ও কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছেন। আলোচনা পুরোদমে শুরু হওয়ায় আলোচ্যসূচিজুড়ে অগ্রগতির জন্য তিনি পক্ষগুলোর সঙ্গে কাজ করছেন।
আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, এআইয়ের জন্য পরিচ্ছন্ন ডেটা ও সবুজ শিল্পায়নের জন্য শক্তিশালী বিজ্ঞান প্রয়োজন। জলবায়ু পদক্ষেপ কাঙ্ক্ষিত ফল দিতে হলে জলবায়ু বিজ্ঞানে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। অধ্যাপক ইয়োহান রকস্ট্রমের প্যারিস চুক্তির সীমা লঙ্ঘন-সংক্রান্ত গবেষণা, যা আজ উপস্থাপন করা হয়েছে, এ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
‘৩৫-বাই-৩৫’ লক্ষ্যের পথে
আয়োজকদের ভাষ্য, এসব পদক্ষেপ একত্রে প্রযুক্তিকে বাস্তবায়নে রূপ দেওয়ার ওপর কপ৩১-এর গুরুত্বকেই প্রতিফলিত করে। সবুজ শিল্পায়ন কার্বন নিঃসরণ কমাতে পারে। প্রায়-শূন্য-নিঃসরণ শিল্প উৎপাদনে বিনিয়োগ ও বাস্তবায়ন প্রতিযোগিতা সক্ষমতা ও উন্নয়নকে সমর্থন করে। দায়িত্বশীল এআই পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থা, শিল্প ও জলবায়ু সহনশীলতাকে শক্তিশালী করতে পারে। আর নতুন অংশীদারিত্ব প্রকল্পগুলোকে প্রদর্শনী পর্যায় থেকে বাণিজ্যিক বাস্তবায়নে যেতে সাহায্য করতে পারে।
সরকার ও সংস্থাগুলোর সমর্থনে এসব পদক্ষেপ ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর কপ৩১ প্রেসিডেন্সির ‘৩৫-বাই-৩৫’ উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে।
ডেল্টা টাইমস/সিআর/এমই