২০৩১ সাল পর্যন্ত ৯ দল নিয়েই চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

অনেকদিন ধরেই আলোচনা চলছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর নিয়ে। এর পক্ষে জোরালো সমর্থনও দেখিয়েছেন অনেকেই। কিন্তু

2026-11-15T13:38:54+06:00
2026-11-15T13:38:54+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

২০৩১ সাল পর্যন্ত ৯ দল নিয়েই চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ০)

অনেকদিন ধরেই আলোচনা চলছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর নিয়ে। এর পক্ষে জোরালো সমর্থনও দেখিয়েছেন অনেকেই। কিন্তু আপাতত সেই পথে হাঁটছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী দুটি চক্রেও নয়টি দল নিয়েই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সংস্থাটি।

রোববার বালিতে আইসিসির বোর্ড সভায় এ নিয়ে উত্তপ্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের এই বিতর্কের চূড়ান্ত ফয়সালা হতে পারে সেখানেই। তবে ২০২৭-২৯ ও ২০২৯-৩১ চক্রে বর্তমান কাঠামো বহাল রাখার বিষয়ে আইসিসির সুপারিশই শেষ পর্যন্ত সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ডব্লিউটিসির চতুর্থ চক্রের শেষ পর্যায় চলছে। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিযোগিতার কাঠামো নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। একসময় দুই স্তরের লিগ চালুর প্রস্তাবও উঠেছিল।

গত এক বছরে ডব্লিউটিসিতে ১২টি পূর্ণ সদস্য দেশকে একই বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বেশ গুরুত্ব পায়। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুইসের নেতৃত্বাধীন আইসিসির একটি ওয়ার্কিং গ্রুপ এই সুপারিশ করেছিল। বর্তমানে ডব্লিউটিসির বাইরে থাকা পূর্ণ সদস্য দেশ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান প্রস্তাবটির জোরালো সমর্থক।

তবে দল বাড়ালে বাণিজ্যিকভাবে প্রতিযোগিতাটি কতটা লাভবান হবে, তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সংশয় রয়েছে। কারণ, ডব্লিউটিসির ম্যাচগুলো মূলত সদস্য দেশগুলো নিজেদের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে আয়োজন ও সূচি নির্ধারণ করে। শুধু ফাইনালটি পরিচালনা করে আইসিসি। এ কারণেই আপাতত বর্তমান কাঠামো ধরে রাখার পক্ষে সংস্থাটি।

বোর্ড সভার আগেই শনিবার চার ঘণ্টার বেশি সময় ধরে চলা প্রধান নির্বাহীদের কমিটির (সিইসি) বৈঠকে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। সেখানে ডব্লিউটিসির বাইরে থাকা তিন পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিরা নিজেদের অবস্থান তুলে ধরেন। তাদের দাবি, ডব্লিউটিসিতে জায়গা না পাওয়ায় টেস্ট ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি পদোন্নতি ও অবনমন পদ্ধতি না থাকায় শীর্ষ নয় দলে জায়গা করে নেওয়ার সুযোগও নেই তাদের।

দল বাড়ানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকাও। সিইসি বৈঠকে সংস্থাটির প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি এ বিষয়ে অন্যদের সমর্থন আদায়ের চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান এখনো স্পষ্ট নয়। সাম্প্রতিক বছরগুলোতে ইংল্যান্ড জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেললেও ভ্রমণ ও আর্থিক ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ডব্লিউটিসি সম্প্রসারণে অনাগ্রহী ইসিবি।

এদিকে তিন দশকের বিরতির পর ইংল্যান্ডের ঐতিহাসিক জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে। প্রাথমিকভাবে ২০২৮ সালে সফরটি হওয়ার কথা থাকলেও এখন ২০৩০ সালে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সফরে ভিক্টোরিয়া ফলসে একটি টেস্ট ম্যাচও থাকতে পারে।

রোববারের বোর্ড সভাকে ডব্লিউটিসি সম্প্রসারণের পক্ষের দেশগুলোর শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে তাদের প্রত্যাশা খুব বেশি নয়। শেষ মুহূর্তে সমঝোতার ভিত্তিতে দলসংখ্যা ১০-এ উন্নীত করার ক্ষীণ সম্ভাবনাও রয়েছে। টেস্ট ক্রিকেটের প্রতি জিম্বাবুয়ের আগ্রহ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালে তারা ১০টি টেস্ট খেললেও চলতি বছরে খেলেছে মাত্র দুটি।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি কৌশলগত পর্যালোচনাও বোর্ড সভায় উপস্থাপন করা হবে। ক্রিকেটের তিনটি স্বীকৃত সংস্করণ নিয়েই এই পর্যালোচনা করেছে বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে। বোর্ড সভার আগে শনিবার রাতে বালিতে এ বিষয়ে একটি উপস্থাপনাও করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ