স্যান্ডপেপারগেট নিয়ে সিএ-র তদন্তে ধামাচাপা দেওয়ার গন্ধ পাচ্ছেন ওয়ার্নার

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত পরিচালনার ধরনে ‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাচ্ছেন’ ওই ঘটনায় অভিযুক্ত

2026-11-14T10:52:15+06:00
2026-11-14T10:52:15+06:00
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

স্যান্ডপেপারগেট নিয়ে সিএ-র তদন্তে ধামাচাপা দেওয়ার গন্ধ পাচ্ছেন ওয়ার্নার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৫)

২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত পরিচালনার ধরনে ‘ধামাচাপা দেওয়ার গন্ধ পাচ্ছেন’ ওই ঘটনায় অভিযুক্ত সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না, প্যাট কামিন্সের এমন বক্তব্যের পর সিএ-র তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন ওই ম্যাচে সহঅধিনায়কের দায়িত্বে থাকা ক্রিকেটার।

উসমান খাজা তার আত্মজীবনীমূলক বই ‘সবর’এ বেশ কিছু বিস্ফোরক দাবি করেন। আট বছর আগের ঘটনা নতুন করে উসকে দেন তিনি। সাবেক এই ওপেনার দাবি করেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো অস্ট্রেলিয়ান দল জানতো। খাজার মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নারও তার দাবির সপক্ষে কথা বলেন।

অন্যদিকে বর্তমান অধিনায়ক কামিন্স শুক্রবার এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে খাজার সেই দাবি প্রত্যাখ্যান করেন। এসব অভিযোগকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে অভিহিত করেন এবং একে ‘সম্ভবত মানহানিকর’ বলে খাজাকে আদালতে নেওয়ার হুমকি দেন।

একই দিন বিকালে ওয়ার্নার পাল্টা জবাব দেন কামিন্সকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার মূল তদন্তকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, খাজাকে বলির পাঁঠা বানিয়েছেন বর্তমান অধিনায়ক। একদিন পর সাবেক ওপেনার লিখিত বিবৃতি দিয়ে প্রশ্ন তোলেন যে তদন্তকারীরা আসলে কাদের সঙ্গে কথা বলেছিলেন।

সিএ-র তদন্ত নির্ভরযোগ্য না বলে ওয়ার্নার জানান, ‘আমি যতটুকু জানি, সিএ তাদের ২০১৮ সালের তদন্তে জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লিয়নের সাক্ষাৎকার নেয়নি। সেটা যদি সঠিক হয়, তাহলে সিএ কীভাবে প্রতিষ্ঠিত করতে পারে যে বোলাররা আগে থেকে জানতোই না।’ তদন্তের ফলাফল পূর্বনির্ধারিত ছিল মনে করেন তিনি, ‘দেখে মনে হচ্ছে তারা শুরু থেকেই ঠিক করেছিল কাদের দোষ দিতে যাচ্ছে। তারা স্বার্থসিদ্ধির জন্য একটি তদন্ত চালিয়েছিল এবং এখন তারা মিথ্যা বয়ান বজায় রাখছে যে বোলারদের কোনো ধারণা ছিল না। এটা ধামাচাপা দেওয়ার গন্ধ ছড়াচ্ছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে, ‘আগে আমরা যেমনটা বলেছি, মূল তদন্তের সময় সব খেলোয়াড়কে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল এবং পরবর্তী আট বছরে তারা নতুন প্রমাণ নিয়ে আসার সুযোগও পেয়েছেন। পরে সিএ প্রত্যেক খেলোয়াড় ও সাবেক খেলোয়াড়কে ওই ঘটনা নিয়ে তাদের নিজস্ব বক্তব্য দেওয়ার অধিকারকে সম্মান করেছে।’

খাজা তার বইয়ে বলেছেন, বলে স্যান্ডপেপার ব্যবহার নিয়ে আলোচনায় সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশেই ছিলেন তিনি। কিন্তু তাকে সাক্ষাৎকারে ডাকা হয়নি। শুক্রবার কামিন্স জানান, তিনি তদন্তকারীদের সঙ্গে কথা বলেছিলেন এবং ওই সময় যে কাউকে আরও বেশি তথ্য জানানোর সময় দেওয়া হয়েছিল।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ