খাজার সুরে আরেক অজি পেসারের দাবি, ‘স্যান্ডপেপারের ঘটনা সবাই আগেই জানত’

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিং নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা সহসাই শেষ হচ্ছে না। অস্ট্রেলিয়া দলের তিন

2026-11-15T12:38:14+06:00
2026-11-15T12:38:14+06:00
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

খাজার সুরে আরেক অজি পেসারের দাবি, ‘স্যান্ডপেপারের ঘটনা সবাই আগেই জানত’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৮)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিং নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা সহসাই শেষ হচ্ছে না। অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার সেই ঘটনায় শাস্তি পেলেও, বিষয়টি দলের সবাই আগে থেকে জানত বলে দাবি উসমান খাজার। তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে প্যাট কামিন্স ও সাবেক দুই কোচের মতে, এটি সম্পূর্ণ মিথ্যা! এরই মাঝে আরেক অজি পেসার খাজার সুরেই সুর মেলাচ্ছেন!

২০১৮ সালে আফ্রিকা সফরের সেই অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন চ্যাড সেয়ার্স। তিনি প্যাট কামিন্সের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন। বল টেম্পারিংয়ের ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে দলের ‘সবাই জানত’ বলে বিশ্বাস করেন তিনি। এমনকি কেপটাউন টেস্টের পর সম্মিলিতভাবে দায় নেওয়ার বিষয়েও ৬০ থেকে ৯০ মিনিটের একটি দলীয় আলোচনা হয়েছিল বলে এই পেসার দাবি করেছেন।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের আগে এসইএন রেডিওকে ওই বিষয়ে জানিয়েছেন সেয়ার্স। তিনি বলেন, ‘এই মুহূর্তে এখানে বসে আমি আমার অবস্থান নিয়ে স্বচ্ছন্দ। আমার বিশ্বাস, ওই দলের সবাই জানত কী ঘটছিল এবং কী ব্যবহার করা হচ্ছিল। গণমাধ্যমে হয়তো আমাকে উসমানের পক্ষ নেওয়া ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। কারণ আমি মুখ খুলেছি এবং স্বীকার করেছি, সম্ভবত সেটাই সত্যি ছিল। কিন্তু পুরো ঘটনায় আমি নিরপেক্ষ। শুধু নিজের দিকের গল্প এবং আমার বিশ্বাস অনুযায়ী কী ঘটেছিল, সেটাই তুলে ধরার চেষ্টা করছি।’

স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি প্রথম কবে জানতে পেরেছিলেন, এমন প্রশ্নের জবাবে সেয়ার্স বলেন, ‘পোর্ট এলিজাবেথে। এখন যেভাবে বিষয়টি জানা গেছে, তাতে দুটি টেস্ট ম্যাচেই এটি ব্যবহার করা হয়েছিল। ড্রেসিংরুমে আলোচনা হচ্ছিল, কীভাবে বল রিভার্স সুইং করানো যায় এবং এ জন্য কী ব্যবহার করা হবে। আমি শুধু জানতাম, এটি ব্যবহার করা হবে। আমার বিশ্বাস, অন্যরাও তা জানত।’

এমনকি ক্যামেরন ব্যানক্রফট বল বিকৃতিতে ব্যবহার করা স্যান্ডপেপার মাঠের বাইরে নেওয়া ব্যক্তিটি সেয়ার্স। তিনি বলেন, ‘পরিকল্পনা ছিল ক্যামেরন ব্যানক্রফট এটি মাঠে নিয়ে যাবে। আম্পায়াররা বল মাটিতে ফেলে দেবেন এবং সে তার কাজ চালিয়ে যাবে। পরে স্যান্ডপেপারটি আমাকে সরিয়ে নিতে দেওয়া হয়েছিল। এটি আগে থেকে পরিকল্পিত কিছু ছিল না। তখন পানীয় নিয়ে মাঠে যাওয়ার দায়িত্বে থাকা খেলোয়াড় ছিলাম আমি।’

সেয়ার্স স্যান্ডপেপার বা শিরিষ কাগজ মাঠের বাইরে নেওয়ার পরিকল্পনায় ছিলেন না। কিন্তু গণ্ডগোল বাধে আফ্রিকান চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে যাওয়ায়। ব্যানক্রফটকে সন্দেহজনক আচরণ করতে দেখে ক্যামেরা বেশ কিছুক্ষণ তার দিকেই তাক করা ছিল, এ সময় উপায় না পেয়ে দ্রুত স্যান্ডপেপারটি নিজের অন্তর্বাসে লুকিয়ে ফেলেন এই অজি ক্রিকেটার। পরে আম্পায়াররা দেখতে চাইলে তিনি সানগ্লাস মোছার পাতলা কাপড় বের করে দেখান। কিন্তু তাতেও বাঁচতে পারেননি, শেষ পর্যন্ত ব্যানক্রফটের পাশাপাশি তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার নিষেধাজ্ঞায় পড়েন।

এদিকে, স্যান্ডপেপার ব্যবহারের আদ্যপান্ত জানিয়ে নিজের আত্মজীবনী গ্রন্থ ‘সবর’-এ লিখেছেন উসমান খাজা। কিন্তু তার বক্তব্যকে অস্বীকার করে সম্প্রতি ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘উসমান যদি বোঝাতে চান যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সেটি শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি, এমন কিছু ঘটছে বলে আমার জানা ছিল না। উজি নিজের বইতে আমার জীবন, আরও অনেকের জীবন এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন।’

কামিন্সের এই বক্তব্য বিরোধিতা করে পরে ওয়ার্নার বলেন, ‘উজি (উসমান খাজা) যা বলেছে এবং বইয়ে যা লিখেছে, আমি এখনও সেটার পক্ষেই আছি। সেটাই সত্য। আমার মনে হয়েছে, অধিনায়ক নিজেকে বাঁচাতে উজিকে দোষারোপ করছে। এতে আমি সত্যিই খুব হতাশ। প্রত্যেকেরই নিজস্ব মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সত্য সামনে না আসা পর্যন্ত আমি সেগুলো মেনে নেব না।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ