প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ১০:৩৭ পিএম (ভিজিট : ৫)

পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও ৮৬তম মিনিটে ছোট্ট একটি ভুলেই হয়ে গেলো সর্বনাশ। বাংলাদেশের জালে বল জড়িয়ে দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত ওই একটি গোলই নির্ধারণ করে দিলো জয়-পরাজয়। ২১ বছর পর সাফ ফুটবলের ফাইনালে ওঠার এবং ২৩ বছর পর শিরোপা জয়ের যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, সেই স্বপ্ন আর পূরণ হলো না। ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো হামজা চৌধুরী এবং শামিত সোমদের।
৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল থ্রোয়ে বল চলে যায় পাকিস্তানের খেলোয়াড়ের পায়ে। তিনি বাড়িয়ে দেন আদিল নবিকে। জিদান ইউসুফকে ফাঁকি দিয়ে আদিল বল পাঠান বাংলাদেশের জালে। পুরো ম্যাচে ওই একটি ভুলেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।
হামজা চৌধুরী, শামিত সোম, ফারহান আলি ওয়াহিদ, শুকি, রাকিবদের কাঁধে ভর করে বাংলাদেশ এবার স্বপ্ন দেখেছিল ২০০৩ সালের পর প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের। খেলা যেহেতু ছিল ঘরের মাঠে, তাতে স্বপ্নটা ছিল আরও বেশি; কিন্তু শেষ পর্যন্ত সেটা আর শেষ পর্যন্ত পূরণ হলো না।
প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। আক্রমণেও ছিল স্বাগতিকদের আধিপত্য। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। দুই দলের দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে এসেছে। তাতে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ঘরের মাঠে সমর্থকদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে পাকিস্তানের জমাট রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা।
বাংলাদেশের প্রথম বড় সুযোগ আসে ২৪ মিনিটে। ফারহান আলি ওয়াহিদের নেওয়া কর্নার থেকে বল নিয়ন্ত্রণে নেন শামিত সোম। তার কাছ থেকে পাওয়া বল নিয়ে রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফিরে আসে। গোলবঞ্চিত হয় বাংলাদেশ।
৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পাকিস্তানও। তারিক কাজীর ভুলে বল পেয়ে যান আবদুল সামাদ। তার নেওয়া শট বাংলাদেশের গোলরক্ষকের হাতে লেগে পোস্ট স্পর্শ করে বাইরে চলে যায়। অল্পের জন্য গোল পাওয়া হয়নি পাকিস্তানেরও।
প্রথমার্ধে বল দখলে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। ৪৫ মিনিট শেষে বাংলাদেশের পজেশন ৫৯ শতাংশ, পাকিস্তানের ৪১ শতাংশ। দলের প্রধান তারকা হামজা দেওয়ান চৌধুরী পুরো মাঠজুড়েই সক্রিয় ছিলেন। আক্রমণে সতীর্থদের সুযোগ তৈরি করার পাশাপাশি দ্রুত নিচে নেমে রক্ষণেও সহায়তা করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের কৌশল ছিল মূলত পাল্টা আক্রমণনির্ভর।
পোস্ট লক্ষ্য করে শট নেওয়ার হিসাবে অবশ্য এগিয়ে পাকিস্তান। অতিথিরা শট নিয়েছে ৮টি, বাংলাদেশ ৭টি। তবে লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। স্বাগতিকদের তিনটি শট লক্ষ্যে থাকলেও পাকিস্তানের ছিল দুটি।
গ্রুপ পর্ব শেষে পাকিস্তান দলে যোগ হয়েছেন ইউরোপের লিগে খেলা ৫ ফুটবলার। তাদের মধ্য ৪ জনই একাদশে জায়গা করে নিয়েছিলেন। শারীরিকভাবে এগিয়ে থাকা খেলোয়াড়রা পাকিস্তানের খেলার ধরণও পাল্টে দিয়েছেন এই ম্যাচে। আগের দুই ম্যাচের চেয়ে পাকিস্তানের খেলা ছিল বেশি পরিকল্পিত ও গোছানো। যে কারণে, বাংলাদেশকে তারা কেবল প্রথমার্ধে আটকিয়েই রাখেনি, গোলের সুযোগো তৈরি করেছিল।
ডেল্টা টাইমস/সিআর/এমই