ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন?

রেহানা ফেরদৌসী:

মতামত

আমার সন্তানকে আম গাছ চেনাতে এখন আমাকে ছবি দেখাতে হয়। আমাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল। এখন

2026-11-11T10:13:06+06:00
2026-11-11T10:17:44+06:00
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইটের শহরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন?
রেহানা ফেরদৌসী:
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ১০:১৭ এএম  (ভিজিট : ৭)

আমার সন্তানকে আম গাছ চেনাতে এখন আমাকে ছবি দেখাতে হয়। আমাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল। এখন সেখানে আটতলা ভবন। গাছটা নেই, ছায়াটাও নেই। এটা শুধু আমার পৈতৃক বাড়ির শৈশবের গল্প নয়। শ্যামলীতে গেলে দেখা যাবে, পাঁচ বছর আগের কৃষ্ণচূড়ার সারি এখন নেই। তার জায়গায় চওড়া রাস্তা। পাখির ডাকের বদলে এখন গাড়ির আওয়াজ। আমরা একে বলছি উন্নতি। কিন্তু এই উন্নতির হিসাবটা কি একবার মিলিয়ে দেখেছেন?

যে পুকুরে এলাকার মানুষ সাঁতার শিখত, সেটা এখন বাজার। যে খাল দিয়ে নৌকা যেত, সেটা এখন ময়লার ভাগাড়। তারপর একদিন সেটাও ভরাট হয়ে রাস্তা হয়ে যাবে। তারপর বৃষ্টি হলে আমরা অবাক হয়ে বলি, পানি জমল কেন? পানি যাবে কোথায়? তার যাওয়ার পথটা তো আমরাই বন্ধ করে দিয়েছি। একটা পঞ্চাশ বছরের গাছ কাটতে পাঁচ মিনিট লাগে, অথচ সেই গাছটা বড় হতে লেগেছিল পঞ্চাশ বছর। আমরা বলি, পরে আবার লাগিয়ে দেব। কিন্তু টবের একটা চারা কি কখনো সেই বড় গাছের মতো হতে পারে? তার ছায়ায় কি কখনো পাখি এসে বসবে? একটা বড় গাছ শুধু ছায়া দেয় না। সে রোদ কমায়, ধুলো আটকায়, বাতাস ঠান্ডা রাখে। গাছ কেটে ফেললে শহর দিনে দিনে চুলার মতো গরম হয়ে ওঠে। এখন গ্রীষ্মে ঢাকা আগের চেয়ে তিন-চার ডিগ্রি বেশি গরম লাগে, এটা এমনি এমনি হয়নি। চিকিৎসকেরা বলেন, একটি শহরে একজন মানুষের জন্য অন্তত নয় বর্গমিটার সবুজ থাকা দরকার। ঢাকায় আছে কত? মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ বর্গমিটার। এটা একটা কবরের জায়গার সমানও নয়। এই অবস্থায় আমাদের সন্তানেরা বড় হচ্ছে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে। আমরা তাদের বলি, বাইরে যেয়ো না, বাইরে গরম। কিন্তু বাইরে গরম হলো কেন, সেটা কি একবার ভেবেছি? বাইরের গরম আমরাই বানিয়েছি। গাছ কেটে, মাটি ঢেকে, পুকুর ভরাট করে।

আমি উন্নতির বিরুদ্ধে নই। রাস্তা লাগবে, বাড়ি লাগবে। মানুষ বাড়ছে, থাকার জায়গাও লাগবে। কিন্তু রাস্তা বানাতে গিয়ে যদি নিঃশ্বাস নেওয়ার জায়গাটাই নষ্ট হয়ে যায়, তাহলে সেই রাস্তায় হেঁটে লাভ কী? বহির্বিশ্বের উন্নত দেশগুলোতে বড় বড় ভবন আছে, আবার গাছও আছে। তারা ভবনের পাশাপাশি গাছকেও জায়গা দিয়েছে। আমরা দিইনি। আমরা হিসাব করেছি কত কোটি টাকা লাগবে, কিন্তু হিসাব করিনি কতগুলো গাছ যাবে, কতটা ছায়া কমবে।

এমতাবস্থায় এখনই সচেতন হতে হবে। একটা গাছ কাটলে দশটা লাগাতে হবে। শুধু কাগজে লিখলে হবে না; কার্যকর পদক্ষেপের যথাযথ বাস্তবায়ন করে গাছগুলোকে অন্তত পাঁচ বছর বাঁচিয়ে রাখতে হবে। নতুন বাড়ি বানালে পুরো জায়গা ইট-পাথরে না ঢেকে একটু মাটি ছেড়ে দিতে হবে, যাতে সেখানে একটা গাছ দাঁড়াতে পারে। পুকুর আর খেলার মাঠকে আর জমির ভাগ বানানো যাবে না। নিজের বাড়ির সামনে, ছাদে, বারান্দায়, যেখানে সম্ভব একটা গাছ লাগাতে হবে, যেন আমাদের সন্তানেরা গাছের নিচে বড় হতে পারে, গাছকে ছুঁয়ে দেখতে পারে।

ভবন না থাকলেও মানুষ বাঁচতে পারে, কিন্তু বাতাস না থাকলে পারে না। অক্সিজেন কারখানায় বানানো যায় না; সেটা আসে একটা পাতা থেকে। সবুজ ছাড়া এই শহর আর শহর থাকবে না। এটা হয়ে যাবে শুধু ইটের একটা জঙ্গল, যেখানে মানুষ থাকবে ঠিকই, কিন্তু বাঁচবে না।



লেখক: সহ সম্পাদক,সমাজকল্যাণ বিভাগ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

ডেল্টা টাইমস/রেহানা ফেরদৌসী/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ