শার্টের পকেট ও কোমর থেকে উদ্ধার ২ কোটি টাকার সোনা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:১৪ পিএম আপডেট: ০২.১০.২০২৬ ২:৫৪ পিএম (ভিজিট : ১৯)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১ কেজির বেশি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় ওই কর্মী ওবায়দুর রহমানকে আটক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরের এয়ারপোর্ট ইউনিট অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হলে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ৫ কেজি। কাস্টমসের হিসাবে এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকেও আটক করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, উদ্ধার হওয়া সোনা এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।