ঢাকায় বাড়ি দখল চেষ্টা: পুলিশের অভিযানে গোলাগুলি, দুই তরুণ গুলিবিদ্ধ

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর আদাবরে বাড়িদখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত দুই তরুণ পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায়

2026-09-29T12:21:03+06:00
2026-09-29T12:21:03+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বাড়ি দখল চেষ্টা: পুলিশের অভিযানে গোলাগুলি, দুই তরুণ গুলিবিদ্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম   (ভিজিট : ১০)

রাজধানীর আদাবরে বাড়িদখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত দুই তরুণ পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। তাদের মধ্যে রাজিব ও সাগরের পায়ে গুলি লাগে। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে আদাবর থানার নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ের ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি জানান, শ্যামলী হাউজিংয়ের ৮ নম্বর সড়কের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আদাবর থানায় গত ২৭ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। ওই মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল। সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারসংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এডিসি জুয়েল রানা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাত থেকে আটজন দুষ্কৃতকারী তাদের হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলামের হাতে থাকা শটগান দিয়ে পুলিশ দুটি গুলি ছোড়ে। এতে রাজিব হাওলাদার ও সাগর ওরফে ছোট বিগার নামে দুজন পায়ে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে রাজিব, সাগর, শাকিব ও রাশেদকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যান, তাদের ধরতে অভিযান চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।

গুলিবিদ্ধ রাজিব ও সাগরকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ