গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতির নির্দেশনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৬:২৭ পিএম (ভিজিট : ৭)

দেশের সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় তিনি রাষ্ট্রপতির নতুন দায়িত্বে সাফল্য কামনা করে দেশের সার্বিক আইনি কাঠামো শক্তিশালীকরণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এরপর রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস। তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা এবং আইনি জটিলতা নিরসনে তার কার্যালয়ের ভূমিকা সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।
জবাবে রাষ্ট্রপতি দেশের সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি আইনের শাসন ও গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি স্বাধীন ও কার্যকর আইনি ব্যবস্থাই দেশের গণতান্ত্রিক ভিত্তিকে মজবুত করতে পারে এবং এক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিষয়েও বিস্তারিত মতবিনিময় হয়। উভয়ে একমত পোষণ করেন যে, দেশের গণতান্ত্রিক অভিযাত্রা টেকসই করতে হলে আইনি প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং তার কার্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় সেখানে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমও উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ