অভিভাবকহীন শিশুদের জন্মনিবন্ধন সনদ সংগ্রহ ও নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা থেকে মুক্তির আশ্বাস দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের মুখ থেকে সরাসরি এই সমস্যার কথা শুনে সহমর্মিতার সঙ্গে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি বলেন, বিশেষ শিশু হোক বা স্বাভাবিক শিশু—কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ‘লিডো বাংলাদেশ’ আয়োজিত ‘ইয়াং জার্নালিস্ট চেঞ্জমেকার্স: ভয়েস ফর ভালনারেবল চিলড্রেন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে একদিনের নবজাতক থেকে শুরু করে সমাজের প্রবীণতম নাগরিক পর্যন্ত সর্বস্তরের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসা হবে।
অনুষ্ঠানের মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিশুরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে। বিশেষত অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ সংগ্রহ ও নাগরিক সেবা প্রাপ্তিতে যেসব প্রশাসনিক জটিলতার মুখোমুখি হয়, তা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায়। মন্ত্রী অত্যন্ত সহমর্মিতার সঙ্গে বিষয়গুলো শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা শুরু করতে হবে। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে সরকার বিভিন্ন ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে, যেখানে আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থান-উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, যেকোনো জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগ ও কার্যক্রমকে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার কারও প্রতিপক্ষ নয়; বরং সরকার ও জনগণ পরস্পরের পরিপূরক। সংকীর্ণ সমালোচনা পরিহার করে বিদ্যমান সামর্থ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সবাইকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত ‘লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (লিডো) একদল নিবেদিতপ্রাণ শিক্ষক ও মানবাধিকার কর্মীর উদ্যোগে পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। বাংলাদেশে পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সুরক্ষায় সংস্থাটি নিরাপদ আশ্রয় ও জরুরি সেবা প্রদান করে থাকে। শিশুদের সার্বিক বিকাশকে জাতির অগ্রগতির মূল ভিত্তি মনে করে লিডো তাৎক্ষণিক সুরক্ষার পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে পথশিশুদের মানবিক মর্যাদা পুনরুদ্ধার এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, এসওএস চিলড্রেন ভিলেজের কান্ট্রি ডিরেক্টর, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর