ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে। এর মধ্য দিয়ে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীটির টানা ১৮ ঘণ্টার সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ঘটনাস্থলে থাকা আলজাজিরার এক সংবাদদাতা জানান, ইয়েমেনে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ শহর মোচা থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পর দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় হুতিদের যোদ্ধারা খুব বেশি প্রতিরোধের মুখে পড়েনি। তারা প্রথমে ধুবাব এবং পরে মুরাদ শহর দখল করে নেয়। এর মধ্যে মুরাদ ছিল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর উপকূলের সর্বশেষ শহর।এরপর হুতিদের নৌবাহিনী সমুদ্রপথে অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালির মায়ুন দ্বীপ দখল করে।
পাশাপাশি জুকার দ্বীপেও লড়াই করে প্রবেশ করেছে তারা। সেখানে এখনো সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন সংবাদদাতা।