ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি চলমান যুদ্ধ পরিস্থিতি আর দীর্ঘায়িত করার পক্ষে নন। তবে ভবিষ্যতে শত্রুর সঙ্গে যেন কোনোভাবেই দুর্বল অবস্থান থেকে আপস বা আলোচনা করতে না হয়, সেজন্য দেশবাসীকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে প্রেসিডেন্ট অর্থনীতি, ব্যবস্থাপনা, সংস্কৃতি ও সাহিত্যসহ প্রতিটি ক্ষেত্রে সরকারকে সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।
বিশেষ করে ‘জেন-জেড’ বা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মেধা কাজে লাগানোর ওপর জোর দেন পেজেশকিয়ান। তিনি বলেন, তরুণরা শুধু বিক্ষোভে অংশ না নিয়ে বরং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের যুক্ত করবে; আমাদের এটা নিশ্চিত করতে হবে।
প্রেসিডেন্ট হিসেবে দলমত নির্বিশেষে সবার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে পেজেশকিয়ান বলেন, কারো সঙ্গেই আমার কোনো রাজনৈতিক বিরোধ নেই। যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন, তিনি যদি দেশের সংকট সমাধানে আমাদের সাহায্য করেন, তবে আমি তাকে সাদরে গ্রহণ করব।
অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে সতর্ক করে পেজেশকিয়ান বলেন, দেশের বর্তমান বাস্তবতার কথা মাথায় রেখেই যেকোনো অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে। তা না হলে সমস্যা সমাধানের বদলে উল্টো নেতিবাচক ফল ও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।