পূর্ব সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার প্রত্যন্ত অঞ্চলে ডাচ পর্যটক বহনকারী বাস উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও ৪০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে গ্রাউবুন্ডেন অঞ্চলের সুশ ও জার্নেজ গ্রামের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে জার্নেজ থেকে সুশের দিকে যাচ্ছিল। গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত দুর্ঘটনাকবলিত বাসের ছবিতে দেখা যায়, বাসটি রাস্তার পাশে ঘাসের মাঠে একপাশে কাত হয়ে পড়ে আছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, আহত ৪০ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, সাতজনের অবস্থা মাঝারি এবং ৩০ জন সামান্য আঘাত পেয়েছেন। ঘটনার পর উদ্ধারকারী দলের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি