চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার দামুড়হুদা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লিটন আলী (৪০) ও তার স্ত্রী লিপা খাতুন দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের বাসিন্দা। নাসির উদ্দীন (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও শফিকুল ইসলাম (৩০) দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে একই দিন দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চালক নাসির উদ্দীন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে একটি বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম নামে এক যুবক।
চুয়াডাঙ্গা সদর থানা ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) পৃথক ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট ঘটনাগুলোতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।