১ সেপ্টেম্বর ১৯৩৯ : আগ্রাসন, আপস ও ব্যর্থ কূটনীতির পথ পেরিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা...
ইতিহাসের কিছু তারিখ কেবল একটি ঘটনার স্মারক নয়; তারা হয়ে ওঠে মানবসভ্যতার জন্য স্থায়ী সতর্কবার্তা। ১ সেপ্টেম্বর ১৯৩৯ তেমনই একটি দিন। সেদিন নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে। দুই দিনের মাথায় ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে একটি আঞ্চলিক সংঘাত দ্রুত বৃহত্তর ইউরোপীয় যুদ্ধে রূপ নেয়। ইতিহাসে এই দিনটিকেই ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাদিবস হিসেবে চিহ্নিত করা হয়।
তবে যুদ্ধের আগুন ১ সেপ্টেম্বর হঠাৎ করে জ্বলে ওঠেনি। তার পেছনে ছিল প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ক্ষোভ, উগ্র জাতীয়তাবাদের উত্থান, সামরিক শক্তি পুনর্গঠন, ভূখণ্ড দখলের উচ্চাকাক্সক্ষা, আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতা এবং আগ্রাসী শক্তিকে থামাতে ব্যর্থ একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা। প্রশ্ন তাই শুধু—দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে শুরু হয়েছিল?
আরও গভীর প্রশ্ন হলো—কেন বিশ্ব এমন একটি পরিস্থিতি তৈরি হতে দিল, যেখানে একটি রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন শেষ পর্যন্ত গোটা মহাদেশকে যুদ্ধে টেনে নিল?
ভার্সাইয়ের ক্ষত থেকে নাৎসি সম্প্রসারণবাদপ্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের ভার্সাই চুক্তি জার্মানির ওপর কঠোর সামরিক ও রাজনৈতিক বিধিনিষেধ আরোপ করে। যুদ্ধ-পরবর্তী জার্মান সমাজে এই ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়। সেই ক্ষোভকে রাজনৈতিক শক্তিতে রূপ দেন অ্যাডলফ হিটলার ও তার নাৎসি দল। ১৯৩৩ সালে ক্ষমতায় এসে হিটলার জার্মান রাষ্ট্রকে দ্রুত একনায়কতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে যান। একই সঙ্গে শুরু হয় সামরিক পুনর্গঠন ও ভূখণ্ড সম্প্রসারণের অভিযান। পূর্ব ইউরোপে তথাকথিত Lebensraum- ‘living space’ প্রতিষ্ঠা ছিল নাৎসি সম্প্রসারণবাদী চিন্তার গুরুত্বপূর্ণ অংশ।
১৯৩৬ সালে রাইনল্যান্ডে জার্মান সেনা পুনঃপ্রবেশ, ১৯৩৮ সালে অস্ট্রিয়া সংযুক্তি এবং পরে চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড দখল—প্রতিটি পদক্ষেপই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও দুর্বল করে। ১৯৩৯ সালের মার্চে জার্মানি চেক ভূখণ্ডের অবশিষ্ট অংশ দখল করলে স্পষ্ট হয়ে যায় যে হিটলারের লক্ষ্য কেবল জার্মান-ভাষী জনগোষ্ঠীর একত্রীকরণে সীমাবদ্ধ নয়। অর্থাৎ পোল্যান্ড ছিল কোনো বিচ্ছিন্ন লক্ষ্য নয়; সেটি ছিল বৃহত্তর সম্প্রসারণবাদী পরিকল্পনার পরবর্তী অধ্যায়।
১৯৩৮ সালের মিউনিখ চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ এড়ানোর আশায় চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড জার্মানির হাতে ছেড়ে দেয়। কিন্তু পরবর্তী ঘটনাবলি দেখায়, আপস আগ্রাসনকে থামাতে পারেনি। বরং ১৯৩৯ সালের মার্চে চেকোস্লোভাকিয়ার অবশিষ্ট অংশ জার্মান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর ব্রিটেন ও ফ্রান্স উপলব্ধি করে যে পরিস্থিতি বদলে গেছে। ৩১ মার্চ তারা পোল্যান্ডের সীমান্তের অখণ্ডতার নিশ্চয়তা দেয়। কিন্তু ততক্ষণে হিটলারের পরিকল্পনা অনেক দূর এগিয়ে গেছে। পোল্যান্ডকে ঘিরে অশুভ সমঝোতা
পোল্যান্ড আক্রমণের ঠিক আগে, ২৩ আগস্ট ১৯৩৯, নাৎসি জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন Molotov–Ribbentrop Pact স্বাক্ষর করে। দুই রাষ্ট্র ছিল আদর্শগতভাবে পরস্পরের বিরোধী; তবু নিজেদের কৌশলগত স্বার্থে তারা অনাক্রমণ চুক্তিতে পৌঁছায়।চুক্তির গোপন প্রটোকলে পূর্ব ইউরোপকে প্রভাববলয়ে ভাগ করার পরিকল্পনা ছিল এবং পোল্যান্ডের ভূখণ্ড ভাগ করে নেওয়ার ব্যবস্থাও নির্ধারিত হয়। এই সমঝোতা হিটলারের জন্য পোল্যান্ড আক্রমণের পথ অনেকটাই নিরাপদ করে দেয়।
ইতিহাসের নির্মম পরিহাস—যে দুই শক্তি পরবর্তীকালে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে, তারাই সাময়িক স্বার্থে তখন পোল্যান্ডের ভাগ্য নির্ধারণে পরস্পরের সঙ্গে সমঝোতা করেছিল।
১ সেপ্টেম্বর : পোল্যান্ডে শুরু হলো আগ্রাসনের যুদ্ধ
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ভোরে জার্মান বাহিনী পোল্যান্ডে ব্যাপক আক্রমণ শুরু করে। স্থলবাহিনী, সাঁজোয়া ইউনিট ও বিমানশক্তির সমন্বিত ব্যবহারে জার্মানি দ্রুত পোলিশ প্রতিরক্ষা ভেদ করে ওয়ারশের দিকে অগ্রসর হয়। জার্মানি প্রায় দেড় মিলিয়ন সৈন্য এবং বিপুল সাঁজোয়া ও বিমানশক্তি এই অভিযানে ব্যবহার করেছিল। এই দ্রুতগতির সমন্বিত সামরিক কৌশল পরবর্তীকালে Blitzkrieg বা ‘বজ্রযুদ্ধ’ নামে পরিচিত হয়। পোলিশ বাহিনী প্রবল প্রতিরোধ গড়ে তুললেও সামরিক শক্তির ভারসাম্য জার্মানির পক্ষে ছিল।
আক্রমণের নৈতিক ও রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার জন্য নাৎসি প্রচারণা মিথ্যা অভিযোগও ব্যবহার করে। এর মধ্যে ছিল জার্মান সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এবং Gleiwi-এর সাজানো রেডিও-স্টেশন হামলা, যা জার্মান প্রচারণায় পোল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধের অজুহাত হিসেবে ব্যবহৃত হয়। এখানে ইতিহাসের একটি গভীর শিক্ষা রয়েছে—যুদ্ধের আগে শুধু অস্ত্র নয়, প্রচারণাও প্রস্তুত করা হয়।
৩ সেপ্টেম্বর : পোল্যান্ডের যুদ্ধ হয়ে গেল ইউরোপের যুদ্ধ
জার্মান আক্রমণের দুই দিন পর, ৩ সেপ্টেম্বর ১৯৩৯, ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পোল্যান্ডের সীমান্ত রক্ষার প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই তারা এই পদক্ষেপ নেয়। এর মধ্য দিয়ে পোল্যান্ডকে ঘিরে শুরু হওয়া সংঘাত বৃহত্তর ইউরোপীয় যুদ্ধে রূপান্তরিত হয়। তবে ঘোষণার পরপরই ইউরোপে ব্যাপক স্থলযুদ্ধ শুরু হয়নি; পশ্চিম ফ্রন্টের প্রাথমিক সময়টি পরবর্তীকালে “Phoney War” নামে পরিচিত হয়। এদিকে পোল্যান্ড একাই জার্মান সামরিক আক্রমণের মুখোমুখি হতে থাকে।
১৭ সেপ্টেম্বর : পূর্ব দিক থেকেও বন্ধ হয়ে গেল পথ
পোল্যান্ডের দুর্ভোগ আরও গভীর হয় ১৭ সেপ্টেম্বর ১৯৩৯, যখন সোভিয়েত বাহিনী পূর্ব দিক থেকে দেশটিতে প্রবেশ করে। ফলে পোল্যান্ড একই সময়ে দুই বৃহৎ শক্তির সামরিক আক্রমণের মুখে পড়ে। ভারী বোমাবর্ষণ ও গোলাবর্ষণের পর ২৮ সেপ্টেম্বর ওয়ারশ আত্মসমর্পণ করে। শেষ উল্লেখযোগ্য পোলিশ প্রতিরোধও ৬ অক্টোবরের মধ্যে শেষ হয়। পরবর্তীতে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন তাদের গোপন সমঝোতার ভিত্তিতে পোল্যান্ডকে নিজেদের প্রভাববলয়ে ভাগ করে নেয়। একটি স্বাধীন রাষ্ট্রের পতন তখন আর শুধু পোল্যান্ডের জাতীয় বিপর্যয় ছিল না; এটি হয়ে উঠেছিল ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়ার প্রতীক।
যুদ্ধের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল নিপীড়নের নতুন অধ্যায়
পোল্যান্ড দখলের পর নাৎসি শাসন সেখানে বর্ণবাদী ও দমনমূলক নীতি প্রয়োগ শুরু করে। ইহুদি জনগোষ্ঠীসহ বহু মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়, জোরপূর্বক শ্রমে নিয়োগ করা হয় এবং বিপুলসংখ্যক মানুষকে নিজেদের ঘর থেকে উচ্ছেদ করা হয়। পরবর্তী বছরগুলোতে এই নিপীড়ন আরও ভয়াবহ গণহত্যায় রূপ নেয় এবং হলোকাস্টের ইতিহাসের সঙ্গে পোল্যান্ড গভীরভাবে যুক্ত হয়ে যায়। এ কারণে ১ সেপ্টেম্বরকে শুধু একটি সামরিক অভিযানের সূচনা হিসেবে দেখলে ইতিহাসের মানবিক মাত্রাটি অসম্পূর্ণ থেকে যায়। যুদ্ধের প্রকৃত মূল্য দিয়েছিল সাধারণ মানুষ—শিশু, নারী, পরিবার, শ্রমিক, কৃষক, শরণার্থী এবং অসংখ্য নিরস্ত্র নাগরিক।
ইতিহাসের আয়নায় তিনটি বড় শিক্ষা
প্রথম শিক্ষা—আগ্রাসনকে ছোট করে দেখার মূল্য ভয়াবহ হতে পারে। একটি সীমান্ত, একটি শহর বা একটি ভূখণ্ড নিয়ে সংঘাত বলে কোনো আগ্রাসনকে উপেক্ষা করলে তার পরবর্তী বিস্তার অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দ্বিতীয় শিক্ষা—মিথ্যা প্রচারণা যুদ্ধের ভূমিকা তৈরি করতে পারে। Gleiwitz-এর মতো সাজানো ঘটনা এবং পোল্যান্ডের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেখায়, সামরিক পদক্ষেপের আগে জনমতকে প্রভাবিত করার চেষ্টা কতটা বিপজ্জনক হতে পারে।
তৃতীয় শিক্ষা—আন্তর্জাতিক প্রতিশ্রুতি কার্যকর না হলে নিরাপত্তা কাঠামোর বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। ১৯৩০-এর দশকের ইউরোপে একের পর এক আগ্রাসনের সামনে দুর্বল প্রতিক্রিয়া শেষ পর্যন্ত বৃহত্তর সংঘাত ঠেকাতে পারেনি।
তবে ইতিহাসের মূল্য শুধু অতীতের ভুল গুনে যাওয়ায় নয়। তার প্রকৃত মূল্য হলো—সেই ভুল থেকে ভবিষ্যতের জন্য সতর্কতা তৈরি করা।
১ সেপ্টেম্বরের উত্তরাধিকার : যুদ্ধ নয়, শান্তির প্রয়োজনীয়তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে। তার ধ্বংসযজ্ঞ আন্তর্জাতিক রাজনীতি ও আইনকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। রাষ্ট্রগুলোর পারস্পরিক নিরাপত্তা, মানবাধিকার, যুদ্ধাপরাধের বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নতুন মাত্রা পায়।
আজকের পৃথিবী ১৯৩৯ সালের পৃথিবী নয়। কিন্তু মানুষের লোভ, ক্ষমতার আকাক্সক্ষা, উগ্র জাতীয়তাবাদ, ঘৃণার রাজনীতি এবং মিথ্যা প্রচারণার ঝুঁকি ইতিহাসের পাতায় আটকে নেই। তাই ১ সেপ্টেম্বরের স্মরণ কেবল অতীতচর্চা নয়; এটি বর্তমান ও ভবিষ্যতের জন্যও সতর্কবার্তা।
১ সেপ্টেম্বর ১৯৩৯-এর পোল্যান্ডের আকাশে যে আগুন জ্বলে উঠেছিল, তার শিখা শেষ পর্যন্ত ইউরোপের সীমানা পেরিয়ে পৃথিবীর বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। সেই আগুনের পেছনে ছিল একদিনের সিদ্ধান্ত, কিন্তু তার আগে ছিল বহু বছরের রাজনৈতিক ব্যর্থতা, আগ্রাসনের ধারাবাহিকতা এবং সত্যকে বিকৃত করার প্রচেষ্টা। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা আমাদের মনে করিয়ে দেয়—বড় বিপর্যয় অনেক সময় বিস্ফোরণের মুহূর্তে নয়, তার বহু আগে তৈরি হতে শুরু করে। ইতিহাসের সবচেয়ে কঠিন শিক্ষা এখানেই: শান্তি রক্ষার দায় যুদ্ধ শুরু হওয়ার পর নয়, আগ্রাসনের প্রথম লক্ষণ দেখা দেওয়ার সময় থেকেই শুরু হয়।
পোল্যান্ডের সেই সেপ্টেম্বর তাই শুধু একটি দেশের পরাজয়ের স্মৃতি নয়; এটি মানবসভ্যতার কাছে এক অমোঘ সতর্কবার্তা—আগ্রাসনকে প্রশ্রয় দিলে তার আগুন শেষ পর্যন্ত কারও সীমানা মানে না।
তথ্যসূত্র: United States Holocaust Memorial Museum (USHMM), Holocaust Encyclopedia; Invasion of Poland, Fall 1939; German-Soviet Pact; 1939: Key Dates; German Foreign Policy, 1933–1945; Ges United States Department of State, Office of the HistorianÑForeign Relations of the United States, 1939|
লেখক: সহ সম্পাদক,সমাজকল্যাণ বিভাগ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
ডেল্টা টাইমস/রেহানা ফেরদৌসী/সিআর/এমই