প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম (ভিজিট : ০)

মালয়েশিয়ার পেনাং রাজ্য ও আশপাশে বসবাসকারী ৬ শতাধিক বাংলাদেশি কর্মী রাজধানী কুয়ালালামপুর না গিয়েই দূতাবাসের মোবাইল টিমের মাধ্যমে পাসপোর্ট অ্যানরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি এবং ট্রাভেল পারমিটসহ অন্যান্য কনস্যুলার সেবা পেয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সরকারি ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে গিয়ে মোবাইল কনস্যুলার সেবা দেওয়ায় উপকৃত হচ্ছেন প্রবাসীরা। যে-সব প্রবাসীরা কর্মস্থল থেকে ছুটি না পাওয়াসহ ৫ থেকে ৬শ কিলোমিটার দূর থেকে কুয়ালালামপুর দূতাবাসের হেডকোয়ার্টারে এসে সেবা নিতে পারেন না তাদের কথা চিন্তা করেই দূতাবাসের একাধিক মোবাইল টিম ছুটির দিনেও বিভিন্ন রাজ্যে গিয়ে সেবা দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় গত ২২ ও ২৩ আগস্ট পেনাং রাজ্য ও আশেপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দু'দিনব্যাপী মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে। পৃথক ক্যাম্পে দুই দিনে পাঁচ শতাধিক পাসপোর্ট অ্যানরোলমেন্ট, শতাধিক পাসপোর্ট ডেলিভারি, এবং ট্রাভেল পারমিট সহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হয়।
সেবা নিতে আসা বরিশালের কামাল হোসেন বলেন, যেখানে কাজ করি সেখান থেকে ছুটি না পাওয়ায় কুয়ালালামপুর যেতে পারিনি বিধায় পাসপোর্ট নবায়ন করতে পারছিলাম না। এদিকে ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। দূতাবাসের মোবাইল টিমের মাধ্যমে এখান (পেনাং) থেকে পাসপোর্ট নবায়ন করতে পেরে একদিকে যেমন কুয়ালালামপুর যেতে হয়নি, তেমনি অতিরিক্ত খরচও করতে হয়নি।
কুমিল্লার মঞ্জুরুল হোসেন বলেন, ভিসা না থাকায় দেশের চলে যাবো। কিন্তু ট্রাভেল পারমিট নিতে কুয়ালালামপুর যেতে ভয় পাচ্ছিলাম যদি বাসে পুলিশের হাতে আটক হই তাহলে আর রক্ষা নাই। পেনাং থেকেই ট্রাভেল পারমিট পেয়ে এখন চিন্তামুক্ত, নিরাপদে দেশে ফিরতে পারবো।
এদিকে, প্রবাসীদের সেবা সহজ করতে মোবাইল টিম পরিচালনা অব্যাহত থাকবে জানিয়ে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী কর্মীদের অনিয়মিত অভিবাসন পরিহারসহ স্থানীয় আইন ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শও দেওয়া হয়।
ডেল্টা টাইমস/সিআর/এমই