প্রবাসী ডেবিট কার্ড চালুতে জনতা ব্যাংকের চুক্তি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২৩ পিএম (ভিজিট : ৫)

সংগৃহীত ছবি
প্রবাসী কার্ড কর্মসূচির প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে জনতা ব্যাংক পিএলসির সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপির উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় প্রবাসী কার্ড কর্মসূচির প্রথম ধাপে প্রবাসী ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের জন্য ব্যাংকিং ও আর্থিক সেবা আরও সহজ ও সুবিধাজনক করার পাশাপাশি প্রবাসী কর্মীদের বিভিন্ন আর্থিক লেনদেনকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, জনতা ব্যাংকের জিএম মোহাম্মদ আনিস ও মোহাম্মদ শাফায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/ আরএফ