প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:০৭ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৮:২৬ পিএম (ভিজিট : ৬)

সংগৃহীত ছবি
‘আমাদের একতা, বরুড়ার সফলতা’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘বরুড়া ক্লাব’-এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে সংগঠনটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বরুড়া ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মানবতার কল্যাণে সংগঠনটি বহুদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা বলেন, তারুণ্যনির্ভর এ সংগঠনের সদস্যদের বিচক্ষণতা, উদ্যম ও দূরদর্শিতার মাধ্যমে অচিরেই বরুড়া ক্লাব সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবসেবার মাধ্যমে সংগঠনটির সদস্যরা সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় বরুড়া ক্লাবের মানবকল্যাণমূলক সব কর্মকাণ্ডে পাশে থাকার প্রতিশ্রুতি দেন অতিথিরা।
তারা বলেন, মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে বরুড়া ক্লাবকে আরও বহুদূর এগিয়ে যেতে হবে। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, বরুড়ার উন্নয়নে সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে সমাজের বিভিন্ন অসংগতি সহজেই চিহ্নিত হবে। পাশাপাশি এসব সমস্যা সমাধানে প্রশাসনের কাজও সহজ হবে। শুধু বরুড়া উপজেলায় নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বরুড়া ক্লাবের দপ্তর সম্পাদক সালাউদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার, বরুড়া জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ, ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব ভাব-এর সভাপতি মিজানুর রহমান, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, ‘ওরাই আপনজন’ সংগঠনের সভাপতি ইলিয়াস আহমেদ, ‘রক্তরিন’ সংগঠনের সভাপতি কামরুল হাসান, সাবেক কমিশনার জাকির হোসেন, বরুড়া ক্লাবের সভাপতি মাহবুব আহমেদ, সাধারণ সম্পাদক মহসিন রুবেল, সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান এবং বরুড়া ক্লাব ইন্টারন্যাশনাল উইংসের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।