
নীলফামারীর ডিমলায় আওয়ামী লীগ আমলের জরাজীর্ণ একটি কাঠের সেতু পরিদর্শনে গিয়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুর একটি অংশ ভেঙে নদীতে পড়ে গেছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামে নাউতারা ইউনিয়ন সংযোগকারী ওই কাঠের সেতুতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নটাবাড়ী ও নাউতারা এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে থাকা কাঠের সেতুটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ। সেতুটি নতুন করে নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন এবং স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে দেখতে সেখানে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীরা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনের সময় একসঙ্গে অতিরিক্ত মানুষ জরাজীর্ণ সেতুটিতে ওঠেন। কিছুক্ষণ পর সেতুর একটি কাঠের অংশ মচকে যায়। মুহূর্তেই সেতুর একাংশ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর পাড়ে পড়ে যান। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও হইচই সৃষ্টি হয়।
তবে এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কয়েকজন সামান্য আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারও অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘সেতুটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।’
পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।’
তিনি বলেন, ‘নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেতুটির বেহাল দশা থাকলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হলে নটাবাড়ী ও নাউতারা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।
ডেল্টা টাইমস/ আরএফ