মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পিএম আপডেট: ১৩.০৮.২০২৬ ৮:১৪ পিএম (ভিজিট : ৫)

ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পর মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় ও সংশ্লিষ্ট সূত্র এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে কথা হচ্ছে সালাহউদ্দিন আহমদকে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেতে পারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির হাতে।
বর্তমানে সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বে ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হওয়ার পর এই পুনর্বণ্টনের বিষয়টি আলোচনায় আসে।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ায় মির্জার বর্তমান দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। সে ক্ষেত্রে সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রণালয়ে এবং এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে।
এদিকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এগিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী ২০ আগস্ট ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। বিএনপির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কারণে ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি—এমন আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে।
রাষ্ট্রপতি নির্বাচন ও পরবর্তী শপথের পর মির্জা ফখরুলের দায়িত্বে পরিবর্তন আসবে কি না, তা আরও স্পষ্ট হতে পারে। একই সময় স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়ের ক্ষেত্রেও রদবদল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে।