ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা জরিপ করবে বিবিএস

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য ও জনতাত্ত্বিক পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র তুলে আনতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ

2026-08-13T19:18:52+06:00
2026-08-13T19:18:52+06:00
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা জরিপ করবে বিবিএস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৯)

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য ও জনতাত্ত্বিক পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র তুলে আনতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো দেশব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করা হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে জরিপ উপলক্ষে অংশীজন পরামর্শ কর্মশালার আয়োজন করে বিবিএস। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ এবং বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংগঠনের অংশীজন, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

স্বাগত বক্তব্য দেন বিবিএসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাবুদ্দীন সরকার। জরিপের সার্বিক বিষয় ও পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা।

কর্মশালায় জানানো হয়, জরিপের মাধ্যমে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করা হবে। পাশাপাশি তাদের বিভিন্ন আর্থসামাজিক সূচক এবং প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোর প্রস্তুত করা হবে। এসব তথ্য ভবিষ্যতে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগী নির্বাচন, দারিদ্র্য নিরূপণ এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবিএস জানায়, আগস্ট মাসজুড়ে সংক্ষিপ্ত প্রশ্নপত্রের মাধ্যমে দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অংশীজনদের মতামত ও সুপারিশ অন্তর্ভুক্ত করে প্রশ্নপত্র চূড়ান্ত করার পর মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।

সংস্থাটি আরও জানায়, দুর্গম ও প্রত্যন্ত এলাকায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিবিএসের কর্মকর্তারা বলেন, জরিপে সংগৃহীত উপাত্ত শুধু সরকারি নীতিনির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনাতেই নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচি প্রণয়নেও ব্যবহার করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য হ্রাস ও সামাজিক নিরাপত্তার মতো খাতে প্রয়োজনভিত্তিক কর্মসূচি গ্রহণে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ