বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:০৫ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর নিয়োগ বাতিলের আদেশ আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। আজ বুধবার (১২ আগস্ট) এ-সংক্রান্ত আদেশের খবর পাওয়া গেছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
ড. আক্তার হোসেন ২০২৫ সালের ১ জুলাই থেকে দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিষয়ে নীতিগত পরামর্শ দিয়ে আসছিলেন। অর্থনৈতিক নীতিনির্ধারণে প্রধান অর্থনীতিবিদের পদটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ ড. আক্তার হোসেন শিক্ষকতা ও গবেষণার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত। তিনি প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন। পরে ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।
এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৪ সালে তিনি বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকে নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সূচনায়ও তিনি ভূমিকা রাখেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দেশের সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি, মুদ্রানীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে নানা চ্যালেঞ্জ রয়েছে।
ডেল্টা টাইমস/ আরএফ