প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৫)

ছবি: সৌজন্যে
‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজ পৃথিবী গড়ি, সুস্থ জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার পাইকগাছায় বৃক্ষরোপণ ও ‘গাছের গল্প বলা’ অভিযান শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জোরদার এবং নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার আহ্বান জানান।
বুধবার (১২ আগস্ট) পাইকগাছা উপজেলার মাহমুদকাটীতে অনির্বাণ লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে অনির্বাণ লাইব্রেরি, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। অনির্বাণ লাইব্রেরির সহসভাপতি বাসুদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বক নিখিল চন্দ্র ভদ্র।
কর্মসূচি উদ্বোধন করেন বৃক্ষ অনুরাগী লেখক সহযোগী অধ্যাপক সফিয়ার রহমান। তিনি বলেন, ‘ গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়।
গাছ মাটি কামড়ে ধরে রেখে ভূমিধস ও বন্যা রোধ করে। তাই বেশি করে ফলজ গাছ লাগাতে হবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে ।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ‘
‘ বৃক্ষরোপণ মানে শুধু একটি চারা রোপন নয়, সেই গাছের দায়িত্ব নেওয়া এবং গাছটিকে বাঁচিয়ে রাখা। শিশুদের ছোটবেলা থেকেই গাছ ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। এ জন্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের একটি করে গাছের ‘গার্ডিয়ানশিপ’ দেওয়া যেতে পারে। ‘গাছ দেওয়া নয়, গাছের দায়িত্ব নেওয়া’ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে । ’
বিশেষ অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, ‘ গাছ আমাদের পরিবেশের প্রাণ। একটি গাছ আমাদের জীবন বাঁচাতে অক্সিজেন দেয়, বাতাস পরিষ্কার রাখে এবং পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। তাই আসুন বেশি করে গাছ লাগাই ও সবুজ পৃথিবী গড়ে তুলি। ’
রিভার বাংলা পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন,‘ শিশুদের বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের গাছের দায়িত্ব দিলে তারা ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।’ তিনি অনির্বাণ লাইব্রেরির সঙ্গে আশপাশের স্কুল ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বই, প্রকৃতি ও মানবিক শিক্ষার সমন্বয়ের আহ্বান জানান।
আরও বক্তৃতা করেন যুগবার্তার সম্পাদক মো. রফিকুল ইসলাম সুজন, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, অনির্বাণ লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, পরিবেশকর্মী দুলাল দেবনাথ, সাংবাদিক মো. হাসিব সরদার, শিক্ষার্থী রিয়াদ হোসেন প্রমূূখ।
আলোচনা সভা শেষে অনির্বাণ লাইব্রেরি চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
ডেল্টা টাইমস/ আরএফ