প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:১৪ পিএম (ভিজিট : ০)

ছবি: ডেল্টা টাইমস
রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকার সময়কার নানা কর্মকাণ্ড নিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এবার উঠেছে দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগের ফাইলও পৌঁছেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টেবিলে। তবে এখনই নয়, নতুন কমিশন গঠনের পরই অভিযোগটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন করেছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান জানান, বর্তমানে কমিশন না থাকায় অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
দুদক সচিব বলেন, ‘ বর্তমানে দুদকের কমিশন নেই। এ ধরনের অভিযোগ কমিশনের মাধ্যমে গ্রহণ করা হয়। শিগগিরই নতুন কমিশন গঠিত হবে বলে আমরা আশা করছি। এরপর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’
ইসলামী ব্যাংকের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়াও এস আলম, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া, মাহবুব উল আলমসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে।
ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ইসলামী ব্যাংকের পক্ষে দুদকে অভিযোগটি দাখিল করেন। এতে ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এখন নতুন কমিশন গঠনের অপেক্ষায় রয়েছে অভিযোগটি। কমিশন দায়িত্ব নেওয়ার পর অভিযোগের প্রাথমিক যাচাই-বাছাইসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হতে পারে বলে দুদক সূত্রে জানা গেছে।
ডেল্টা টাইমস/ আরএফ