বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে গতকাল দুঃখপ্রকাশের পর আজ পরিস্থিতির কিছুটা উন্নতির আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সন্ধ্যা নাগাদ দেশের বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।বুধবার (১১ আগস্ট) বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতির জন্য দুঃখপ্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সেখানে তিনি বলেন, ‘ চাহিদার তুলনায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতি রয়েছে। এ কারণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন। ’
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে গ্যাস সংকটের অন্যতম কারণ ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে থাকা। একটি বয়লারের কার্যক্রম শুরু করা হলেও পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমানে যে বয়লারে উৎপাদন চলছে, সেটিও বন্ধ রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, ‘ বিদ্যুৎ ও জ্বালানি সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। ’
এদিকে আজকের বক্তব্যে সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনার কথা জানানোয় গ্রাহকদের মধ্যে স্বস্তির আশা তৈরি হয়েছে। তবে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেল্টা টাইমস/ আরএফ