হাদি হত্যার অভিযুক্ত বাপ্পী এখন মহিউদ্দীন চৌধুরী

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত পল্লবী থানা যুবলীগের সভাপতি

2026-08-11T17:27:14+06:00
2026-08-11T17:27:14+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

হাদি হত্যার অভিযুক্ত বাপ্পী এখন মহিউদ্দীন চৌধুরী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী ভারতে গিয়ে নিজের নাম-পরিচয় বদলে ফেলেছেন। সেখানে তিনি মহিউদ্দীন চৌধুরী নামে আধার কার্ড সংগ্রহ করেছেন বলে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) স্টার নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে তাজুল ইসলামের বাবার নাম নজরুল ইসলাম চৌধুরী থাকলেও ভারতের নথিতে বাবার নাম দেওয়া হয়েছে নজরুল উদ্দিন চৌধুরী। একই সঙ্গে জন্মতারিখও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টে তার জন্মতারিখ ৫ জুলাই ১৯৮৩ হলেও ভারতের নথিতে ১৯৮৮ সাল উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তাজুল বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন এবং ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। কলকাতার খিদিরপুরের বুখলেস রোডের একটি ঠিকানা তার ভারতীয় নথিতে উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি কলকাতার দসদ্রমে পূরতী একুয়া এলাকার একটি ফ্ল্যাটে অবস্থান করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গ্রেপ্তার এড়াতে তিনি নিয়মিত অবস্থান পরিবর্তন করছেন।

নথি বিশ্লেষণে আরও জানা গেছে, ভারতের নাগরিক আকরাম আলী ওরফে ভিকির সঙ্গে তাজুল ব্যবসায়িকভাবে যুক্ত। ভিকি তাকে ভারতীয় নাগরিকত্ব পেতে সহযোগিতা করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ডিবি ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছিল। তবে বাদীপক্ষের নারাজির পর মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। এ পর্যন্ত মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনতেও আইনি প্রক্রিয়া চলছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. জসীম উদ্দীন খান বলেন, ‘ অভিযুক্ত ব্যক্তি বিদেশে গিয়ে নাম পরিবর্তন করলেও তদন্তের স্বার্থে তার প্রকৃত পরিচয় যাচাই করা হবে। চার্জশিট দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তের সঠিক পরিচয় নিশ্চিত করা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ ।’

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা ও কথিত শুটার ফয়সাল এবং মোটরসাইকেলচালক যুবলীগ নেতা আলমগীরকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে হাদিকে হত্যা করা হয়েছে বলে ডিবির চার্জশিটে উল্লেখ করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ