স্কুলব্যাগে লুকানো নেশার ফাঁদ, বাসেই ধরা পড়ল মাদক কারবারি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৩২ পিএম (ভিজিট : ০)

সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী সার্কেলের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী সোহাগ এক্সপ্রেস লিমিটেড (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬৩) নামের বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় বাসের ‘ডি-৯’ সিটে বসা জাহিদুল ইসলামের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করেই বেরিয়ে আসে নেশাদ্রব্যের বিশাল চালান।
অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ‘এসকাফ’ ব্র্যান্ডের ৭৪ বোতল ও ‘ফেয়ারডিল’ ব্র্যান্ডের ২৬ বোতল, সর্বমোট ১০০ বোতল (১০ লিটার) ফেনসিডিল (কোডিন ফসফেট)। এছাড়া তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি ‘সিমফনি’ ব্র্যান্ডের বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রাসঙ্গিক ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অধিদপ্তরের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।