লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে পশ্চিমাঞ্চলীয় চোকো অঞ্চলে এ কম্পন অনুভূত হয়। এর প্রভাবে প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। এর গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।
চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা জানান, আঞ্চলিক রাজধানী কিবদোতে কয়েকজন আহত হয়েছেন এবং বেশ কিছু ভবনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন।
তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে সংস্থাগুলোর তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ইউএসজিএস ও কলম্বিয়ার সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ মাত্রা ৭ দশমিক ৪ বললেও দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা (ইউএনজিআরডি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং গভীরতা ৭৯ কিলোমিটার।
ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। আতঙ্কে কলম্বিয়ার বিভিন্ন এলাকার মানুষ ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স, সিএনএন
ডেল্টা টাইমস/ আরএফ