রাশিয়ার নিঝনেকামস্কে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১২

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2026-08-10T14:17:29+06:00
2026-08-10T14:17:29+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

রাশিয়ার নিঝনেকামস্কে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১২
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাশিয়ার তাতারস্তান অঞ্চলের নিঝনেকামস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। আজ সোমবার ( দশ আগস্ট) নিঝনেকামস্কের মেয়র রাদমির বেলিয়ায়েভ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। হামলার পর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার অন্যতম লক্ষ্য ছিল তাতারস্তানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা। নিঝনেকামস্কে অবস্থিত তানেকো তেল শোধনাগারেও ড্রোন হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। রাশিয়ার আধুনিক ও বৃহৎ তেল শোধনাগারগুলোর একটি হিসেবে পরিচিত এই স্থাপনাটি দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একটি শিল্প স্থাপনার ওপর থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ভিডিওগুলোকে তেল শোধনাগারের বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার পর শোধনাগারটির প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়েও রুশ কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

নিঝনেকামস্কের তানেকো শোধনাগারে এর আগেও ইউক্রেনের হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের জুনের শুরুতেও স্থাপনাটিতে ড্রোন হামলার খবর পাওয়া যায়।

তাতনেফত কোম্পানির মালিকানাধীন তানেকো রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার। ২০২৪ সালে সেখানে প্রায় ১ কোটি ৭০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়। একই বছরে শোধনাগারটিতে প্রায় ২৭ লাখ টন পেট্রল এবং ৮৫ লাখ টন ডিজেল উৎপাদিত হয়েছে। ফলে ইউক্রেনের হামলায় এই ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

হামলায় হতাহতের ঘটনায় তাতারস্তানের প্রধান রুস্তাম মিনিখানভ শোক ঘোষণা করেছেন। নিহতদের স্মরণে স্থানীয়ভাবে শোক পালন করা হবে বলে জানিয়েছেন মেয়র বেলিয়ায়েভ।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলের তেল শোধনাগার, জ্বালানি ডিপো ও অন্যান্য জ্বালানি অবকাঠামো সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এসব হামলার কারণে দেশটির কিছু এলাকায় জ্বালানি সরবরাহে সাময়িক সংকট তৈরি হয়েছে। কোথাও কোথাও পেট্রল ও অন্যান্য জ্বালানি সংগ্রহে মানুষের ভোগান্তির খবরও পাওয়া গেছে।

তবে রুশ কর্তৃপক্ষের দাবি, হামলার কারণে তৈরি হওয়া বেশির ভাগ জ্বালানি সংকট পরবর্তী সময়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিঝনেকামস্কে সর্বশেষ হামলার পরও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ