সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে নেই আইনি বাধা

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন

2026-08-10T19:58:38+06:00
2026-08-10T19:58:38+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে নেই আইনি বাধা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৫)

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার ( ১০ আগস্ট)  বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সায়লা শাজনীন শান্তা।

খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন হয়েছে। ফলে কারামুক্তির ক্ষেত্রে এখন আর কোনো আইনগত বাধা নেই।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। ওই রাতেই তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এরপর গত এক বছরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যাচেষ্টা, রায় ‘জালিয়াতি’ এবং দুর্নীতির অভিযোগে দায়ের করা মোট নয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার সবকটিতেই তিনি জামিন পেয়েছেন বলে জানান আইনজীবী মোতাহার হোসেন সাজু।

সর্বশেষ বনানী থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনের বিষয়টি সম্পন্ন হলো।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ