প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম (ভিজিট : ৬)

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ পরিপালন এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার সোনাহাট গার্লস স্কুলে এ সভার আয়োজন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ভুরুঙ্গামারী উপজেলা শাখা।
বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সহসভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া। সভায় বক্তব্য দেন বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, পাইকেরছড়া ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ, বলদিয়া ইউনিয়ন সভাপতি তাপস কুমার অধিকারী, সোনাহাট ইউনিয়নের বুলবুল এবং চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সোহেলসহ অন্যরা।
সভায় বিসিডিএস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘ ফার্মেসি ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই প্রতিটি ওষুধ ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকতে হবে। ’
প্রধান অতিথির বক্তব্যে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া বলেন, ‘ জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ যথাযথভাবে পরিপালন করতে হবে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ওষুধ ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। ’
তিনি বলেন, ‘ নিবন্ধিত ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ, নির্ধারিত মান অনুযায়ী ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসকের সঠিক প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার বিষয়ে ওষুধ ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে ভেজাল, নিম্নমানের ও অননুমোদিত ওষুধের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’
সভায় ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া, সোনাহাট, চর-ভূরুঙ্গামারী ও বলদিয়া ইউনিয়নের বিভিন্ন ফার্মেসির মালিক, ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।
ডেল্টা টাইমস/ আরএফ