মুরগির বিষ্ঠার ভাগ বিএনপি-জামায়াত মারামারি, কারাগারে ৩ নেতা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৭:০৭ পিএম (ভিজিট : ৩)

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কারাগারে যাওয়া তিনজন হলেন, ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। গত রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ‘মামলার ধার্য তারিখে তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
মামলা সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও এলাকায় একটি কোম্পানিতে দীর্ঘদিন ধরে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। ওই খামারের মুরগির বিষ্ঠার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জেরে গত ৭ এপ্রিল রাতে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাতবোমার বিস্ফোরণ, একটি ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ ওঠে।
ঘটনার পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ছাড়াও মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
ডেল্টা টাইমস/ আরএফ