হানি ট্র্যাপে ফেলে চাঁদা দাবি, গ্রেপ্তার তিন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
নওগাঁর মান্দায় এলজিইডির এক কার্যসহকারীকে হানি ট্র্যাপে ফেলে নগ্ন ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ আগস্ট মান্দা থানায় মামলা করেন ভুক্তভোগী। এরপর আজ সোমবার ( ১০ আগস্ট) কুসুম্বা গ্রামের কনক কুমার (৩০), সাজ্জাদ হোসেন (২৮) ও বড়পই গ্রামের তানজিমা খাতুনকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ আগস্ট সকালে কয়েকজন ব্যক্তি চা খাওয়ার কথা বলে ওই কার্যসহকারীকে একটি ঘরে নিয়ে যান। সেখানে চা ও সিগারেট খাওয়ার পর তার মাথা ঘুরতে শুরু করলে পাশের কক্ষে নিয়ে এক নারীকে দিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করা হয়। এ সময় তার নগ্ন ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ।
পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। তার কাছ থেকে ১১ হাজার ৯০০ টাকা নেওয়ার পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকার একটি চেকে স্বাক্ষর এবং আরও একটি ফাঁকা চেকে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ।
ওই চেক দিয়ে টাকা তুলতে গেলে ব্যাংকের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, ‘গ্রেপ্তাররা এর আগে একই কায়দায় আরেক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন কেড়ে নিয়েছিলেন। এ ঘটনায়ও পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ডেল্টা টাইমস/ আরএফ