বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগামীকাল চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফর করবেন। তার সফর ঘিরে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীসহ সাতটি ভেন্যুর প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শনিবার (৮ আগস্ট) ফটিকছড়ি ও হাটহাজারীর কয়েকটি ভেন্যু পরিদর্শন করে শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা তদারক করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পুনর্বাসন ও মানবিক সহায়তা বিতরণ প্রধানমন্ত্রীর এ সফরের অন্যতম উদ্দেশ্য। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে বাঁশখালী যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে ফটিকছড়ি পৌঁছাবেন। পরে ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারী হয়ে চট্টগ্রাম নগরে যাবেন।
শনিবার ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘির মাঠে নির্মিত হেলিপ্যাড পরিদর্শনের মধ্য দিয়ে দিনের পরিদর্শন শুরু করেন জেলা প্রশাসক। এ সময় তিনি হেলিপ্যাড ও সংলগ্ন সড়কের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে জেলা প্রশাসক ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন। সফরকালে প্রধানমন্ত্রী সেখানে মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রস্তুতির খোঁজ নেন।
এরপর হাটহাজারী সরকারি কলেজসংলগ্ন মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেখানে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন। সফরকালে বাঁশখালী ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নবনির্মিত ঘর হস্তান্তরসহ বিভিন্ন সহায়তা দেওয়ার কথা রয়েছে।
সবশেষে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন জেলা প্রশাসক। সফরসূচি অনুযায়ী, সেখানে একটি নিমগাছের চারা রোপণ করবেন প্রধানমন্ত্রী।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা প্রতিটি ভেন্যু ঘুরে দেখা হচ্ছে। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি ও সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’
ডেল্টা টাইমস/ আরএফ