প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:১০ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ৬:১৬ পিএম (ভিজিট : ৭)

সংগৃহীত ছবি
দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, এর সঙ্গে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি; সব মিলিয়ে জ্বালানি সংকট এখন স্পষ্ট হয়ে উঠেছে শিল্পকারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায়। উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সংকটের দ্রুত সমাধান দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দলও। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের এই সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নেওয়া কিছু অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। কোনো একটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে নেওয়া সেইসব উদ্যোগের খেসারত এখন দেশ, দেশের মানুষ এবং সরকারকে দিতে হচ্ছে। তবে সংকটকে অস্বীকার না করে তা কাটিয়ে উঠতেই সরকার কাজ করছে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশকে একটি ভঙ্গুর অবস্থায় পেয়েছে। নানা ধরনের সংকটের মধ্য থেকেই সরকারকে কাজ শুরু করতে হয়েছে। এরই মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। ধীরে ধীরে মানুষকে এই সংকট থেকে বের করে আনার লক্ষ্যেই সরকার এগোচ্ছে।’
তবে জ্বালানি খাতের সংকটকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও করেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয়। তারা কৌশলে দেশের গুরুত্বপূর্ণ এই খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে উদ্বেগ তৈরিরও চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরকার যে সংকটের মুখোমুখি হয়েছে, সেটি এক দিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের ভুল ও অপরিকল্পিত সিদ্ধান্তের প্রভাব এখন একসঙ্গে এসে পড়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে সময়ের প্রয়োজন হলেও সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।’
এর আগে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন। চিকিৎসকদের এই মিলনমেলায় স্বাস্থ্য খাতের নানা বিষয়ও উঠে আসে বক্তাদের বক্তব্যে।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির নেতারা।
ডেল্টা টাইমস/ আরএফ