রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৫৫ পিএম (ভিজিট : ৭৬)

প্রতীকী ছবি
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তামিম (১৩) ও সাদমান (১৪) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই।
তামিম কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং সাদমান সুরুজ মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তামিম ও সাদমান পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই বন্ধুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে অনেক খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই কিশোরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
এলাকার বাসিন্দা রায়হান বলেন, তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত। গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কেউ কল্পনাও করেনি।
এ বিষয়ে চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুই কিশোরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
ডেল্টা টাইমস্/আইইউ